×

খেলা

কোচের যে কৌশলে এবার বিশ্বকাপ জিতল স্পেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টকটকে চেহারায় গোল ফ্রেমের চশমা। দেখলে মনে হতে পারে, এই বুঝি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে বের হলেন কোনো অধ্যাপক। অথচ ৬৫ বছর বয়সী এই মানুষটিই এখন বিশ্বজয়ী কোচ। তিন বছর আগেও স্পেনের বাইরে খুব বেশি মানুষ চিনতেন না লুইস দে লা ফুয়েন্তেকে। একসময় বেকার জীবনের অবসান ঘটাতে চাকরি খুঁজেছেন। তখন তাকে যদি বলা হতো, একদিন বিশ্বকাপজয়ী কোচ হবেন, হয়তো নিজেই হেসে উড়িয়ে দিতেন। অথচ সেই অসম্ভবকেই সম্ভব করেছেন তিনি। ১৬ বছর পর স্পেনের হাতে বিশ্বকাপ ওঠার নেপথ্যের অন্যতম কারিগর এই দে লা ফুয়েন্তে।

২০২২ সালের ডিসেম্বর। কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় মরক্কোর কাছে হেরে বিদায় নেয়ার দুদিন পর স্পেনের কোচের পদ ছাড়েন লুইস এনরিকে। তার উত্তরসূরি হিসেবে দে লা ফুয়েন্তের নাম ঘোষণার পর অনেকেই ভুরু কুঁচকেছিলেন। জাতীয় দলের সিনিয়র পর্যায়ে অভিজ্ঞতা নেই। ক্লাব ফুটবলে বড় দায়িত্ব বলতে তৃতীয় বিভাগের দল আলাভেসের কোচ হওয়া, সেখান থেকেও ১১ ম্যাচ পর বরখাস্ত। এরপর প্রায় দুই বছর ছিলেন কোচিংয়ের বাইরে। এমন একজনকে স্পেনের দায়িত্ব দেয়া কতটা সঠিক সিদ্ধান্ত- প্রশ্ন উঠেছিল তখনই।

দে লা ফুয়েন্তের ওপর আস্থা রাখার পেছনে ছিল শক্ত কারণ। স্পেনের বয়সভিত্তিক ফুটবলে তার দীর্ঘদিনের সাফল্য। খেলোয়াড়ি জীবন শেষে পর্তুগাল ও স্পেনের ক্লাব ফুটবলে বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০১৩ সালে স্পেনের বয়সভিত্তিক দলের দায়িত্ব পান তিনি। পরের নয় বছরে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলকে জিতিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২০২১ সালের টোকিও অলিম্পিকে জিতেছেন রুপা। তার হাত ধরেই বেড়ে উঠেছেন রদ্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, উনাই সিমনের মতো ফুটবলাররা। সেখানেই লুকিয়ে ছিল দে লা ফুয়েন্তের বড় শক্তি- খেলোয়াড়দের খুব কাছ থেকে চেনা। সাবেক স্পেন মিডফিল্ডার হুয়ান মাতার মতে, দলের অনেক ফুটবলারের সঙ্গে দে লা ফুয়েন্তের দীর্ঘদিনের নিবিড় সম্পর্কই তার সাফল্যের অন্যতম রহস্য। রদ্রির কাছে তিনি শুধু কোচ নন, অভিভাবকের মতোও।

এই সম্পর্কের সুফল বিশ্বকাপজুড়ে পেয়েছে স্পেন। উনাই সিমনের কথাই ধরা যাক। দাভিদ রায়া ও হোয়ান গার্সিয়ার মতো ক্লাব ফুটবলে প্রথম পছন্দের গোলকিপার থাকা সত্ত্বেও দে লা ফুয়েন্তে আস্থা রেখেছেন সিমনের ওপর। অথচ গত ক্লাব মৌসুমটা সিমনের জন্য মোটেও ভালো ছিল না। কিন্তু বিশ্বকাপে সেই সিমনই হয়ে উঠেছেন স্পেনের অতন্দ্র প্রহরী। গোল্ডেন গøাভ জিতে পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন তিনি। রদ্রির ক্ষেত্রেও একই আস্থা দেখিয়েছেন দে লা ফুয়েন্তে। বড় চোট কাটিয়ে ফেরার পরও ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডারকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন। সেই আস্থার প্রতিদানও দিয়েছেন রদ্রি। মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরোর ক্লাব মৌসুমও খুব একটা ভালো কাটেনি। কিন্তু বিশ্বকাপে তারা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। আবার পেদ্রির মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে প্রয়োজনের সময় বেঞ্চে রাখতেও দ্বিধা করেননি কোচ। বিশ্বকাপে যেন যেখানেই হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলেছে।

দে লা ফুয়েন্তের ফুটবল দর্শনও খুব সহজ- বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা, আর বল হারানোর সঙ্গে সঙ্গেই তীব্র চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা। অনেকটা পেপ গার্দিওলার শুরুর দিকের বার্সেলোনার মতো। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও নিজের দর্শন থেকে সরে আসেননি। পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে গোলের জন্য দল যখন মরিয়া, তখনো বিচলিত হননি। শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেই জয় তুলে নিয়েছে স্পেন। আর দুর্দান্ত ফ্রান্সকে থামানোর পেছনেও ছিল তার নিখুঁত কৌশল। প্রতিপক্ষের শক্তি বুঝে পরিকল্পনা সাজানো এবং নিজের দলের সামর্থ্যরে ওপর অবিচল আস্থা- দে লা ফুয়েন্তের বিশ্বকাপজয়ের অন্যতম চাবিকাঠি এটাই।

দে লা ফুয়েন্তে বারবার বলেছেন, এই দলের সাফল্যের মূলমন্ত্র দলের ভেতরের শক্ত বন্ধন। বিশ্বকাপজুড়ে তার একটি কথাই বারবার সামনে এসেছে- খেলোয়াড়দের খুব ভালো চেনেন বলেই তার কাজটা সহজ। বিশ্বকাপ শুরুর আগে মার্ক কুকুরেয়া স্প্যানিশ রেডিয়োতে মজা করে বলেছিলেন, স্পেন বিশ্বকাপ জিতলে তিনি দে লা ফুয়েন্তের নামে ট্যাটু করাবেন। বিশ্বকাপ জয়ের পর সেই মজার কথাটিও মনে করিয়ে দিয়েছেন কোচ। দে লা ফুয়েন্তের চরিত্রটাই এমন। ৬০ পেরিয়েও সন্তানসম ফুটবলারদের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারেন। কোচ ও খেলোয়াড়ের সম্পর্ক ছাপিয়ে তিনি গড়ে তুলেছেন একটি পরিবার। আর সেই পরিবারের ঐক্য, বিশ্বাস ও শৃঙ্খলাকেই শক্তিতে রূপ দিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারো স্প্যানিশ লাল পদ্ম ফুটিয়েছেন লুইস দে লা ফুয়েন্তে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App