‘স্কালোনিই থাকুন আর্জেন্টিনার কোচ’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
লিওনেল স্কালোনির অধীনেই আর্জেন্টিনা ফুটবল সবচেয়ে সফল সময় পার করেছে। তার কোচিংয়ে টানা চারটি বড় প্রতিযোগিতার ফাইনালে উঠে তিনটিতে শিরোপা জিতেছে দলটি। সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হলেও স্কালোনির ওপর আস্থা হারানোর কোনো কারণ দেখছেন না দেশটির সাবেক তারকা হাভিয়ের জানেত্তি। বরং তার বিশ্বাস, স্কালোনি ও তার পুরো কোচিং স্টাফেরই দায়িত্বে থাকা উচিত।
স্কালোনির কোচিংয়ে পাঁচটি বড় প্রতিযোগিতায় খেলেছে আর্জেন্টিনা। এরমধ্যে চারবার ফাইনালে উঠেছে দলটি, জিতেছে তিনটি শিরোপা। ২০১৯ কোপা আমেরিকায় তৃতীয় হওয়াই তার সময়ে আর্জেন্টিনার সবচেয়ে বাজে ফল। এরপর ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জিতে নিজেদের সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যায় আর্জেন্টিনা।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল স্কালোনির দল। তবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় তারা। ফাইনালের পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লæত স্কালোনি জানান, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কথা বলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এই পরিস্থিতিতে স্কালোনির পাশে দাঁড়িয়েছেন জানেত্তি। আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্ডার মনে করেন, জাতীয় দলের কোচিংয়ে কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই। স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা যে ধারাবাহিক সাফল্য পেয়েছে, সেটিই তার পক্ষে সবচেয়ে বড় যুক্তি।
সাবেক সতীর্থের ভবিষ্যৎ নিয়ে তোদো নোতিসিয়াসকে জানেত্তি বলেন, ‘আশা করি, স্কালোনি ও তার টেকনিক্যাল স্টাফের সব সদস্যই দায়িত্বে থাকবেন। কারণ জাতীয় দল নির্ভরযোগ্যদের হাতেই আছে।’
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তার আগে এএফএ সভাপতি তাপিয়ার সঙ্গে বৈঠকে বসবেন স্কালোনি। সেই আলোচনার পরই স্পেনের বিপক্ষে ফাইনাল হারের পর তার তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হতে পারে।
তবে জানেত্তির বক্তব্যে স্পষ্ট, আর্জেন্টিনার ফুটবলের অন্যতম সফল এই অধ্যায়ের নেতৃত্বে স্কালোনিকেই আরো দেখতে চান সাবেক এই অধিনায়ক। তার মতে, তিনটি বড় শিরোপা জেতানো এবং টানা চারটি ফাইনালে দলকে নেয়া কোচকে সরিয়ে নতুন কাউকে আনার কোনো যৌক্তিকতা নেই।
