যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রধান কৌশলগত লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র খুব শিগগিরই তাদের মিশন সম্পন্ন করবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নেই; বরং মিত্র দেশগুলোকেই এখন এগিয়ে এসে প্রণালিটি খোলা ও নিরাপদ রাখার দায়িত্ব নিতে হবে।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ শেষ করার একেবারে কাছাকাছি অবস্থানে রয়েছে এবং তিনিও ব্যক্তিগতভাবে মিশন সম্পূর্ণ করার দ্বারপ্রান্তে পৌঁছেছেন।
বুধবার হোয়াইট হাউসের ক্রস হল থেকে প্রায় ২০ মিনিটব্যাপী জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে ট্রাম্প দাবি করেন, “অপারেশন এপিক ফিউরি”-এর ফলে গত এক মাসে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তাদের অস্ত্র কারখানা ধ্বংস হয়েছে এবং রকেট লঞ্চারগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের খোলা চিঠি
তিনি বলেন, ইরানের নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে গেছে, বিমানবাহিনী ভেঙে পড়েছে এবং দেশটির শীর্ষ নেতারাও নিহত হয়েছেন। ট্রাম্পের ভাষায়, তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন, তখন রেভলিউশনারি গার্ডও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথের মতো ট্রাম্পও দাবি করেন, যুদ্ধে নিহত মার্কিন সেনাদের পরিবার তাকে এই মিশন সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, তেলের দাম সাময়িকভাবে বেড়েছে এবং এটি অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হবে। তার মতে, মূল্যবৃদ্ধির প্রধান কারণ হলো ইরানের বাণিজ্যিক ট্যাংকারে হামলা, যুদ্ধের সঙ্গে তেলের দামের সরাসরি কোনো সম্পর্ক নেই।
