×

যুক্তরাষ্ট্র

কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের দাপট, চাপে ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম

কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের দাপট, চাপে ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে দুই দলের লড়াইয়ের চিত্র। প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষেই প্রাথমিক ফলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। পাশাপাশি গভর্নর পদেও রিপাবলিকানদের চেয়ে বেশি আসনে জয় পেয়েছেন তারা। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জন্য ক্ষমতার সমীকরণ কঠিন হয়ে উঠছে।

বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ১১৪টি আসনে জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানরা পেয়েছেন ৬৫টি আসন। আরও ৮৫টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ২১৮টি আসন।

সিনেটেও প্রাথমিক ফলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির প্রার্থীরা ৪৫টি আসনে জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানরা পেয়েছেন ৩৬টি আসন। তবে বেশ কয়েকটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি। ফলে সিনেটের চূড়ান্ত নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে।

এদিকে সিনেট নির্বাচনে জয়ের ধারাবাহিকতায় জর্জিয়া থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ। তিনি রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করেছেন।

বিজয়ী ভাষণে অসফ বলেন, মার্কিন ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছেন। ডেমোক্র্যাট প্রার্থীদের ব্যাপক ও নির্ণায়ক বিজয়ের মধ্য দিয়ে জনগণ ট্রাম্পের ব্যর্থ নেতৃত্ব, দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, মিনেসোটার ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুচার নর্থ ক্যারোলাইনায় দলীয় প্রার্থী রয় কুপারের বিজয় উদ্‌যাপন করেছেন। অ্যামি ক্লোবুচার নিজেও মিনেসোটার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে মন্টানা, নেভাদা ও ইউটাহ অঙ্গরাজ্যে স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। একই সময়ে আইডাহো ও ওরেগনের পূর্বাঞ্চলের কয়েকটি ভোটকেন্দ্রেও ভোট গ্রহণ শেষ হবে। অ্যারিজোনায় কংগ্রেস ও গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতার ফলও রাত ১০টার আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই।

এবারের নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে গভর্নর পদেও ভোট গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ১৫টি এবং রিপাবলিকানরা ১০টি গভর্নর পদে জয় পেয়েছেন। আরও ২৫টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা বাকি রয়েছে।

সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হয়ে উঠেছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ হারালে আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং প্রশাসনের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে ট্রাম্পকে বড় ধরনের বাধার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হলে হোয়াইট হাউসের সঙ্গে আইনসভায় ক্ষমতার ভারসাম্য বদলে যাবে।

তবে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনের ফল ঘোষণা বাকি। ফলে প্রতিনিধি পরিষদ, সিনেট ও গভর্নর পদে চূড়ান্ত ফলাফলই নির্ধারণ করবে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংঘর্ষের পর অবরুদ্ধ ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি

সংঘর্ষের পর অবরুদ্ধ ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি

ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

নতুন দায়িত্বে ইশরাক

নতুন দায়িত্বে ইশরাক

কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের দাপট, চাপে ট্রাম্প

কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের দাপট, চাপে ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App