নতুন দায়িত্বে ইশরাক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম
ফাইল ছবি
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে মাহফুজ হাসানকে। নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশ জারির দিন থেকেই কমিটির কার্যক্রম কার্যকর হবে।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২০২৬ সালের সংশোধনীসহ ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় পরিষদের চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আইনের ১৪(৩) ধারা অনুসরণ করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম, বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক শাহেদ ওয়াহেদ আলী।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
সাধারণ সম্পাদক মাহফুজ হাসান জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড়। পাশাপাশি তিনি বিচারক ও ক্রীড়া সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী।
এ ছাড়া কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে কনফেডারেশনের নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
