বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
ছবি : সংগৃহীত
নিজের বাণিজ্যনীতি এগিয়ে নিতে নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আমদানির ওপর আরোপিত এসব শুল্কের আওতায় দেশটির বড় বাণিজ্যিক অংশীদার চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ ও অর্থনৈতিক অঞ্চল রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নতুন শুল্কনীতি যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের ওপর প্রভাব ফেলবে। চীন, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৩টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলকে এ পদক্ষেপের আওতায় আনা হয়েছে।
মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগে ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর এ নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি নিয়ে হোয়াইট হাউসের তদন্তের পরিপ্রেক্ষিতে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত আসে।
প্রতিবেদন অনুযায়ী, চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এ হার ৩৫ শতাংশ পর্যন্ত এবং অন্যান্য দেশের ওপর ২০ শতাংশ বা ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
তবে ট্রাম্পের সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমার কারণে কয়েকটি দেশের ক্ষেত্রে এসব হার কার্যকরভাবে কমে আসবে।
তথাকথিত ‘ধারা ৩০১’-এর আওতায় তদন্তের তালিকায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
ধারা ৩০১-এর আওতায় বিদেশি সরকারের বাণিজ্যনীতি, আচরণ ও বিভিন্ন পদক্ষেপ মার্কিন ব্যবসা, শ্রমিক এবং ভোক্তাদের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা তদন্ত করা হয়।
ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন এবং ইতোমধ্যে একাধিক ক্ষেত্রে তা কার্যকরও করেছেন। তাঁর দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো, দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।
