রাজধানীতে হালকা বৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম
ছবি: সংগৃহীত
আজ রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গত দিনের তুলনায় গরমের অনুভূতিও কিছুটা বেশি হতে পারে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে৷
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরো পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
এদিকে যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
