ঘূর্ণিঝড়ের আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
ছবি : সংগৃহীত
অক্টোবরে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) একমাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বরের আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এ পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।
অক্টোবরে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়া দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
নদ-নদীর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় পানি সমতল সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক শূন্য থেকে ৪ দশমিক শূন্য মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক শূন্য থেকে ৬ দশমিক শূন্য ঘণ্টা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ১৭ দশমিক ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ওই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। এর মধ্যে দুটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়।
সেপ্টেম্বরে সক্রিয় মৌসুমী বায়ু প্রবাহ, সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে বজ্রসহ দমকা ও ঝড়ো হাওয়াও বয়ে যায়। এ সময় দৈনিক সর্বোচ্চ ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত সিলেটে রেকর্ড করা হয় ১১ সেপ্টেম্বর।
সেপ্টেম্বর মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস সিলেটে ২৮ সেপ্টেম্বর এবং সর্বনিম্ন ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস নারায়ণগঞ্জে ২০ সেপ্টেম্বর রেকর্ড করা হয়।
বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত বিভিন্ন বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল এবং এল-নিনো/লা-নিনার অবস্থা বিশ্লেষণ করে অক্টোবরের এই পূর্বাভাস তৈরি করেছে বিশেষজ্ঞ কমিটি।
অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় ১৩ থেকে ১৫ দিন, ময়মনসিংহে ১৩ থেকে ১৬ দিন, চট্টগ্রামে ১২ থেকে ১৪ দিন, সিলেটে ১৫ থেকে ১৮ দিন, রাজশাহীতে ১৩ থেকে ১৫ দিন, রংপুরে ১৩ থেকে ১৬ দিন, খুলনায় ১৩ থেকে ১৬ দিন এবং বরিশালে ১৪ থেকে ১৭ দিন বৃষ্টিপাত হতে পারে।
