শীত নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
ছবি : সংগৃহীত
দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর মধ্যে বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করায় আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ আরও জানান, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (২৬-২৮ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ তিন দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়। এ ছাড়া চট্টগ্রামে ১৯, সৈয়দপুরে ১৭, পটুয়াখালীতে ১৫ এবং নোয়াখালীর হাতিয়ায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের আরও কয়েকটি অঞ্চলেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।
