‘হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে রাশেদ খাঁন দাবি করেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহিত করতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য পথ খোঁজার নামে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক-নাছিমের বৈঠকের খবর প্রচার করা হচ্ছে।
তিনি লেখেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফেরানোর বিষয়ে আরেকটি পলাতক গোষ্ঠীর বৈঠক করার কোনো নজির নেই। আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁন আরও দাবি করেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তবে ভারত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। একই সঙ্গে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পেছনে বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে সতর্ক করেন তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, দেশে অস্থিরতা তৈরির সুযোগ নিয়ে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার অপচেষ্টা থাকতে পারে। এ ধরনের উদ্যোগ অতীতের মতো প্রতিহত করতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সীমান্ত পাহারায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
