এবার ইউক্রেনে সাইবার হামলা, সব তথ্য মুছে দিচ্ছে রাশিয়া
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫২ পিএম
প্রতীকী ছবি
এবার ইউক্রেনে সাইবার হামলা করছে রাশিয়া। দেশটির ব্যাংকিং ও অর্থনীতিকে অচল করাই এ হামলার উদ্দেশ্য। সাইবার হামলায় রাশিয়া ওয়াইপার নামে একটি ম্যালওয়্যার ব্যবহার করছে।
আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সকালে সামরিক অভিযান শুরু হয়। এর আগে ইউক্রেনের বিচ্ছিন্ন দুটি শহর দোনেৎস্ক ও লুহানস্ককে গত সোমবার রাশিয়া এবং বুধবার কিউবা, ভেনিজুয়েলা, নিকারাগুয়া, সিরিয়া এবং জর্জিয়া প্রদেশের ওসেটিয়া ও আবখাজিয়া স্বাধীনতার স্বীকৃতি দেয়। খবর আনন্দবাজার পত্রিকার।
গত বছরের অক্টোবরে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েনের পর থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যুদ্ধের আশঙ্কা করতে থাকে। তবে বিষয়টি অস্বীকার করতে থাকে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হলো। ইউক্রেন দখলে নিতে তিনদিক থেকে সাঁড়াশি হামলা করছে দেশটি রাশিয়া। জাতিসংঘের অনুরোধের তোয়াক্কা না করে এ সাইবার হামলার মাধ্যমে ইউক্রেনকে অভ্যন্তরীণ দিক থেকে পঙ্গু করে দিতে চায় রাশিয়া।
ওয়াইপার ম্যালওয়্যারের কাজ
ওয়াইপার ম্যালওয়ার ব্যবহার করে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সব তথ্য মুছে ফেলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, মুছে যাওয়া তথ্য কোনোভাবেই উদ্ধার করা যাবে না। শুধু তাই নয়, পুরো অপারেটিং সিস্টেমকে পঙ্গু করে দেবে এই ম্যালওয়্যার। এহেন যুদ্ধ পরিস্থিতিতে ম্যালওয়্যার হামলাকারী দেশগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ওয়াইপার ম্যালওয়্যার ব্যবহার করলে কে বা কারা এই সাইবার হামলা করছে তার প্রমাণ থাকে না। আর সেই সুযোগ নিয়েই গুপ্তঘাতকের মতো হামলা চালাচ্ছে রাশিয়া।
কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে তথ্য উদ্ধার করা যায়, সেই সিস্টেমকেও নষ্ট করে দেয়ার ক্ষমতা রাখে ম্যালওয়্যারটি।
