উত্তর কোরিয়ায় আটক মার্কিন সেনার মায়ের আকুতি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৯:১৭ এএম
ছবি-সংগৃহীত
উত্তর কোরিয়ায় পালিয়ে যাওয়া মার্কিন সেনা ট্রাভিস কিংকে (২৩) তার মা ফিরে আসার আকুতি জানিয়েছেন।
মার্কিন টিভি চ্যানেল এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লাউডিন গেটস তার ছেলেকে উত্তর কোরিয়া থেকে ফিরে আসার আহ্বান জানান।খবর বিবিসির।
তিনি জানান, বিনা অনুমোতিতে তার ছেলে উত্তর কোরিয়া যেতে পারে, এটা তার বিশ্বাস হচ্ছে না।তার কোন মানসিক সমস্যাও ছিল না।
মার্কিন ওই সেনার মা বলেন, আমি আমার ছেলেকে নিয়ে গর্বিত।আমি তাকে যুক্তরাষ্ট্রে ফিরে আসার আকুতি জানাচ্ছি।
মঙ্গলবার মার্কিন সেনার মাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তার ছেলের পালিয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে।
ট্রাভিস কিং শাস্তির মুখে (ডিসিপ্লিনারি অ্যাকশন) ছিলেন বলে জানা গেছে। কয়েকদিন দিন আগে তিনি দক্ষিণ কোরিয়ার একটি জেল থেকে ছাড়া পান।এর পরই আন্তঃকোরিয় সীমান্ত পেরিয়ে তিনি উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা বলেছেন, বিষয়টি ওয়াশিংটনের জন্য একটি নতুন সংকট তৈরি করেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ওই সেনা সদস্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাভিস কিং দুই কোরিয়ার মধ্যবর্তী জয়েন্ট সিকিউরিটি এরিয়াতে ‘ওরিয়েন্টেশন ট্যুরে’ ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে এবং অনুমোদন ছাড়াই সামরিক সীমান্ত রেখা অতিক্রম করে উত্তর কোরিয়াতে ঢুকে পড়েন।
লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখনও অনেক কিছু বোঝার চেষ্টা করছি। আমরা ধারণা করছি তিনি উত্তর কোরিয়ার হেফাজতে রয়েছে এবং তাই আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
