চুরি করতে গিয়ে ডিম ভেজে মুড়ি দিয়ে খেলেন চোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
ছবি: এআই জেনারেটেড
চুরি করতে গিয়ে মাঝরাতে হঠাৎ খিদে পেয়ে যায় এক চোরের। এরপর একটি চায়ের দোকানে ঢুকে তিনটি ডিম ভেজে মুড়ি দিয়ে খাওয়ার পাশাপাশি চা-ও বানিয়ে পান করেন তিনি। খাওয়া শেষে গ্যাস বন্ধ করে বাসনপত্র গুছিয়ে রেখে আবার চুরিতে বের হন।
পরপর ছয়টি দোকানে চুরির পর সপ্তম দোকানে ঢুকে আর বের হতে পারেননি। শেষ পর্যন্ত স্থানীয়দের হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ হন ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের গোঘাটের বেঙ্গাই চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাজা বাউড়ি। তার বাড়ি তারকেশ্বর থানার কুলতেঘড়ি এলাকায়। আটকের পর জিজ্ঞাসাবাদে চুরির পাশাপাশি খাওয়া-দাওয়ার ঘটনাটিও পুলিশের কাছে স্বীকার করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকানগুলোর চাল ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা চুরি শুরু করেন রাজা। একপর্যায়ে খিদে পেলে একটি চায়ের দোকানে ঢুকে ডিম ভেজে মুড়ি খান। এরপর নিজেই চা তৈরি করে পান করেন। খাওয়া শেষে গ্যাস বন্ধ করে ব্যবহৃত বাসনপত্র আগের জায়গায় গুছিয়ে রাখেন। পরে পাশের আরেকটি দোকানে চুরি করতে গিয়ে ভেতরে আটকা পড়েন।
দোকান থেকে বের হওয়ার পথ না পেয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন তিনি। এ সময় দোকানের মধ্যে শব্দ শুনে স্থানীয়দের সন্দেহ হয়। তারা এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে দোকানমালিকেরাও ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, আর যাই হোক, চোরের ‘সিভিক সেন্স’ আছে বলতে হবে। সেজন্য মনে করে গ্যাসটা বন্ধ করে গিয়েছিল। তা না হলে আরও বড় বিপদ ঘটতে পারত।
চায়ের দোকানটির মালিক মাধবী ঘোষ জানান, রাত ১টার দিকে খবর পেয়ে দোকানে গিয়ে তিনি ভাঙা অ্যাসবেস্টস দেখতে পান। দোকানে রাখা পাঁচ হাজার টাকা চুরি হয়েছে। এ ছাড়া জিনিসপত্রও এলোমেলো অবস্থায় ছিল। পরে জানতে পারেন, চোর তার দোকানে ঢুকে ডিম ভেজে খেয়েছে।
অন্যদিকে, দোকানমালিক গৌতম কোনার বলেন, তার দোকানে রাখা প্রায় দুই হাজার টাকা খোয়া গেছে। তবে অন্য কোনো জিনিসে হাত দেয়নি চোর।
এ ঘটনায় বেঙ্গাইয়ের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরির ঘটনা বাড়লেও অধিকাংশ ক্ষেত্রে চোরেরা ধরা পড়ছে না। রাতের বেলায় চুরির আশঙ্কায় গৃহস্থ ও ব্যবসায়ীরা উদ্বিগ্ন থাকছেন। চুরি ঠেকাতে এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
সূত্র: এই সময়
