মিরপুরে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে মঙ্গলবারও সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। কয়েকজন শ্রমিককে লাঠিপেটা করে পুলিশ।
বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা সড়কে কাঠের আসবাব ও বেঞ্চ জড়ো করে আগুন ধরিয়ে দেন। এতে মিরপুর-১১ ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে মিরপুর-১০ নম্বর, নান্না মার্কেট এলাকার বিভিন্ন গলি এবং মিরপুর-১২ নম্বরের দিক থেকে দলে দলে শ্রমিকেরা এসে বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে তিন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা।
এ সময় সড়কে বেঞ্চসহ বিভিন্ন কাঠের জিনিসপত্র জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পাশাপাশি শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। গত শনি ও রোববার তাঁরা মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। রোববার মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবারও মিরপুরের বিভিন্ন পয়েন্ট দিয়ে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দেয় এবং কয়েকটি স্থানে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও সড়কে নেমে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
