জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। কারামুক্তির পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করে সব সত্য প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলগেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন আখতারুজ্জামান।
এ সময় তিনি বলেন, ‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না। ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না। সময় লাগতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সত্যের হবেই হবে, ন্যায়ের হবেই হবে।’
আখতারুজ্জামান বলেন, ‘আমরা আল্লাহর পথে আছি, আমরা আল্লাহর শাসন কায়েম করার পক্ষে আছি, আমরা আল্লাহর সন্তুষ্টির পক্ষে আছি।’
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘আমরা এ দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীন বাংলাদেশের চেতনা বাস্তবায়ন করার পক্ষে আছি। ইনশাআল্লাহ, আমরা সামনে এগিয়ে যাব। দোয়া করবেন আমার জন্য, আমরা যেন জনগণের পাশে থাকতে পারি। জনগণের অধিকারের আন্দোলনে থাকতে পারি।’
কারামুক্তির পর তাকে সমর্থন জানাতে আসা জামায়াতের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আখতারুজ্জামান বলেন, ‘আজকে এখানে আমার ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে এসেছেন। আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। উনারা আজকে আমার শক্তি। জামায়াতের ভাইয়েরা আসাতে আজকে আমি যে শক্তি পেয়েছি, ইনশাআল্লাহ, আমাদের প্রতিবাদ আরও অব্যাহত থাকবে।’
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার নির্দেশনা নেওয়ার পর সব সত্য প্রকাশ করবেন জানিয়ে আখতারুজ্জামান বলেন, ‘জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে উনার নির্দেশ নিয়ে যা সত্য তা অবশ্যই আমি আপনাদের জানাব। কিন্তু তার আগে আমার দলের প্রধানের নির্দেশনা প্রয়োজন।’
