আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম
ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
রাজধানীর ধানমন্ডিতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর রোডে বাটা শোরুমের সামনে ঝটিকা মিছিল বের করেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে মিছিলটি সাত মসজিদ রোড থেকে শুরু হয়। পরে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল এলাকা অতিক্রম করে বাটা শোরুমের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরো পড়ুন: আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয় এবং একটি ব্যানার উদ্ধার করা হয়।’
এদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম বলেন, ‘ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়।’
