×

জাতীয়

নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার

ছবি : সংগৃহীত

সুষ্ঠু নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে এবং আগুন জ্বলবে বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণ এখন অনেক বেশি সচেতন। ফলে নির্বাচনে কারচুপি করার সুযোগও আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্পিকার বলেন, দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা রাষ্ট্রপতিই নন, গ্রামের একজন সাধারণ রাজনৈতিক কর্মীও চাইলে অনেক মানুষের উপকার করতে পারেন। আবার ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশের সামগ্রিক পরিস্থিতিরও উন্নতি হবে।

তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তবে এসব মানুষের প্রতি রাজনীতিবিদদের আগ্রহ ও দায়বদ্ধতা সব সময় দেখা যায় না। নির্বাচনের সময় তাঁদের গুরুত্ব বাড়লেও নির্বাচিত হওয়ার পর অনেকেই সাধারণ মানুষের খোঁজখবর রাখা থেকে দূরে সরে যান। নিজেদের সুযোগ-সুবিধা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন।

গণতন্ত্র ও নির্বাচনের গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন হওয়ায় নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে।

অতীতের নির্বাচনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের আগেই ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এ ধরনের অভিজ্ঞতা গণতন্ত্রের জন্য ভয়াবহ। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে।

নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। অনেক সংসদ সদস্য দলীয় নেতা, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কিংবা আগামী নির্বাচনে ভোটের হিসাব-নিকাশের কথা ভেবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন না।

নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর পক্ষে মত দিয়ে তিনি বলেন, সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বাড়ানো উচিত। বর্তমানে অনেক যোগ্য নারী রাজনীতিবিদ রয়েছেন, যাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করতে সক্ষম। এ কারণে সংরক্ষিত আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়েও ভাবা যেতে পারে।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গঠিত সংসদীয় ককাসের ভূমিকা তুলে ধরে স্পিকার বলেন, দেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি। এ সমস্যা মোকাবিলায় ককাসের সদস্যদের সোচ্চার হতে হবে। দুর্নীতির অভিযোগ উঠলে দল কিংবা পদ বিবেচনা না করে তা প্রকাশ করতে হবে।

তিনি বলেন, শুধু সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা চিহ্নিত করলেই হবে না, তাঁদের রাজনৈতিক অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতেও ককাসকে ভূমিকা রাখতে হবে। বর্তমানে দেশে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

স্পিকার আরও বলেন, প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় একটি ককাস গঠন করা হয়েছে। এটি আশাব্যঞ্জক উদ্যোগ। সদস্যরা আন্তরিকভাবে কাজ করলে সমাজে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো সম্পর্কে তাঁর ধারণা থাকলেও একসঙ্গে এতগুলো সমস্যা তুলে ধরার সুযোগ আগে হয়নি। এ আয়োজনের মাধ্যমে তিনি বিষয়গুলো নতুনভাবে বোঝার সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিতে সরকার কাজ করতে চায়। কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।

দেশের সব মানুষকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে চিফ হুইপ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে না পারলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। শুধু অর্থনৈতিক অবস্থার পরিবর্তন নয়, মানুষের চিন্তা-চেতনা ও মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। অন্যকে ঠকিয়ে নিজে এগিয়ে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে পরিশ্রম ও দক্ষতার প্রতি সম্মান দেখাতে হবে।

বিশেষ করে শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর জোর দেন তিনি। ককাসের সদস্যদের উদ্দেশে নূরুল ইসলাম মনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাস্তবায়নযোগ্য প্রস্তাব দেওয়া হলে সরকার তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংসদ সদস্যদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। তাঁরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আইন প্রণয়ন করবেন, সমস্যা নিয়ে সংসদে আলোচনা করবেন এবং বাজেট প্রণয়নের সময় এসব মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেবেন।

তিনি বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধ করা না গেলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা যদি নিজেরা দুর্নীতি না করার এবং অন্যকেও দুর্নীতি করতে না দেওয়ার অঙ্গীকার করেন, তাহলে দেশের উন্নয়ন অনেক সহজ হবে। রাজনীতিবিদদের পাশাপাশি নাগরিক সমাজসহ সবাই দুর্নীতি থেকে বেরিয়ে এলে দেশের অন্তত ৪০ শতাংশ অর্থের অপচয় রোধ করা সম্ভব।

মুক্ত আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ককাসের সহসভাপতি পদে প্রস্তাবিত মো. সাইফুল আলম বলেন, শহর ও গ্রামের জীবনযাত্রায় পার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো প্রায় একই। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থান তাঁদের প্রধান সমস্যা। দুর্নীতির কারণেও অনেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এসব সমস্যা সমাধানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। সংসদীয় ককাস মূলত সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়নকর্মী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

নাহিদ ইসলাম ‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App