×

আওয়ামী লীগ

ফের লগি-বৈঠার তাণ্ডবে উত্তপ্ত দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

ফের লগি-বৈঠার তাণ্ডবে উত্তপ্ত দেশ

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে আবারও অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও হামলার ঘটনা ঘটেছে। রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলায় যানবাহনে আগুন, রাজনৈতিক কার্যালয় ও থানায় হামলা এবং সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এসব ঘটনায় গত ২৪ ঘণ্টায় চারজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নাশকতায় জড়িতদের গ্রেপ্তারে ঢাকায় শিগগিরই চিরুনি অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বইঠা নিয়ে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ টেনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের বিরুদ্ধে নতুন করে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ডিসেম্বরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। বুধবার পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তথ্যে এসব বিষয় জানানো হয়।

গোপালগঞ্জে উত্তেজনা, মহাসড়কে অবরোধ

বৃহস্পতিবারও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বিক্ষোভ করেন। তাঁদের হাতে রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠা ছিল বলে জানা গেছে।

সকাল থেকে বৃষ্টির মধ্যে সেখানে লোকজন জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা অস্ত্র হাতে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় পিকেটিং করতেও দেখা যায়।

বুধবার রাত ও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে কেএফসির সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই রাতে মৌচাক ফরচুন মার্কেট-সংলগ্ন এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বুধবারও বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। টুঙ্গিপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধ বৃহস্পতিবারও অব্যাহত ছিল। এতে ওই পথে যান চলাচল ব্যাহত হচ্ছে।

টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের দিকে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছে। নিলফাবাজার এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। স্থানীয়দের ভাষ্য, সেখানে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে। মঙ্গলবার রাতে নিলফাবাজার এলাকার কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুড়ে যাওয়া অন্তত চারটি যানবাহনের ধ্বংসাবশেষ দেখা গেছে। অন্যদিকে কাশিয়ানীতে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিসে ভাঙচুরের খবর পাওয়া গেছে।

এর আগে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মঙ্গলবার রাত থেকে থানার কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার দুপুর পর্যন্ত সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না বলে জানা গেছে। একই সময়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং আশপাশের অন্তত ১৫টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, ছাত্রলীগের মিছিলের সামনে পড়ে যাওয়ায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। একই সময়ে কাশিয়ানীর রামদিয়ায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় স্থানীয় আওয়ামী লীগ নেতারা খুলে দিয়েছেন।

গোপালগঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বিবিসি বাংলা। তবে বুধবার বেলা তিনটা পর্যন্ত তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত ১০টি যানবাহন পুড়ে গেছে। তবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুন মুনীরা বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ওই ঘটনায় সাতজন পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য তাঁদের কাছে রয়েছে। আহতরা ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সহিংসতায় চারজন নিহত

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গত ২৪ ঘণ্টায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক নেতা এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় এক বাসশ্রমিক রয়েছেন।

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আরও কয়েকজন আহত হন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫)। শাহিন কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার নিছার উদ্দিনের ছেলে। সোহেল মোল্যা ছোট কালিয়া এলাকার মোতালেব মোল্যার ছেলে।

অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আটটার দিকে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা (৪০)। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক বাসশ্রমিক নিহত হয়েছেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করেন।

এ ছাড়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বুধবার ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে মহাসড়কের পাশে পার্ক করে রাখা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যান। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দাঁড়িয়ে থাকা মেঘলা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। এ ছাড়া ফতুল্লা ও রংপুর মহানগরীতে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

কাশিয়ানীতে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার জিসি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ পরিদর্শকের নাম আবু আলম। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কাশিয়ানী সদরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় থানার পুলিশ পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে যান। তখন তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঢাকায় চিরুনি অভিযান চালাবে ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করবে ডিএমপি। ইতিমধ্যে তাঁদের সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় আশ্রয় নেওয়া ও পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।

নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে জানিয়ে নিয়াজ মেহেদী বলেন, কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনাই চেকপোস্ট স্থাপনের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। এসব স্থাপনাকে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিবেচনা করে সেখানে আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে।

সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত।

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রামসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অন্য জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচি এবং গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এসআরবির ৬ ও ১০ নম্বর ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত একটি কম্পোজিট ফোর্স গোপালগঞ্জে মোতায়েন রয়েছে। তারা দিনরাত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ইন্তেখাব চৌধুরী আরও বলেন, কেউ নাশকতা বা সহিংসতা ঘটানোর চেষ্টা করলে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলবে। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ সব ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে তারা প্রস্তুত।

এদিকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং আওয়ামী লীগ নেত্রী ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

‘আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

‘আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের

কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের

ফের লগি-বৈঠার তাণ্ডবে উত্তপ্ত দেশ

ফের লগি-বৈঠার তাণ্ডবে উত্তপ্ত দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App