আ.লীগের সঙ্গে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করলে তাদের কর্মকাণ্ডেও তার প্রতিফলন থাকতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে—এমনটা বলা হলেও দলটির সাম্প্রতিক আচরণে সেই কল্যাণের প্রতিফলন দেখা যাচ্ছে না। জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মকাণ্ড দেশ ধ্বংসের প্রক্রিয়া।
তিনি বলেন, বিএনপি, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলের একসঙ্গে বসা উচিত। সবাই এ দেশের নাগরিক এবং দেশের ভালো-মন্দের সঙ্গে জড়িত। ব্যক্তিস্বার্থ পরিহার করে সম্মিলিতভাবে কাজ করলে দেশকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব।
নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, আপনারা এ দেশেরই সন্তান। তবে আওয়ামী লীগের নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না। ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সে প্রশ্নও তোলেন তিনি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, যাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও পুরোনোদের মতোই ক্ষমতার আসনে বসেছেন।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন রেজাউল করিম। জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে বলে মনে করেন চরমোনাই পীর। তাঁর মতে, সব পক্ষ একসঙ্গে কাজ করলে দেশে সমৃদ্ধির নতুন অধ্যায় তৈরি হতে পারে। অতীত ও বর্তমান সরকারগুলোর নীতি ও আদর্শ ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, ইসলামই একমাত্র কার্যকর আদর্শ।
ভোলার দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, দ্বীপজেলা ভোলাকে মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার সরকারি চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত।
তিনি বলেন, ভোলাবাসী ভোলা-বরিশাল সেতু চান। তাই সেতুটি ভোলা ও বরিশালের মধ্য দিয়েই নির্মাণ করতে হবে।
