আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরের ক্যাম্প এক্সটেনশন-৪-এর খেলার মাঠে রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের রায়ের পরদিন দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী চারটি বিষয়ে গুরুত্ব দেন। এগুলো হলো—গণহত্যার বিচার ও শাস্তি নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ।
ড. খলিলুর রহমান বলেন, গতকাল নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের নাম উল্লেখ করে সিদ্ধান্ত দিয়েছেন। ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত ঘটনাকে আদালত গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন। যারা এই রায় শোনার জন্য বেঁচে থাকতে পারেননি, তাদের স্মরণ করার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা শিবিরের সঙ্গে নিজের আগের সম্পৃক্ততার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শিবিরের বিভিন্ন এলাকা ঘুরেছেন, আশ্রয়কেন্দ্রে বসেছেন এবং রোহিঙ্গাদের কথা শুনেছেন। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে সরাসরি তাদের পাশে দাঁড়াতে এসেছেন বলেও জানান তিনি।
গণহত্যার বিচার ও দায়ীদের শাস্তির আহ্বান
আইসিজের পর্যবেক্ষণ তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে ব্যাপকসংখ্যক রোহিঙ্গাকে হত্যা, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর হামলা চালিয়েছে। তাদের গ্রামগুলোও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অন্তত ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এসব অপরাধ উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত হয়েছিল।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর যৌন সহিংসতার ব্যাপকতা এবং বিশেষ করে শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি জনগোষ্ঠীটিকে ধ্বংস করার অভিপ্রায়ের প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে। আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, আদালতের রায় মৃতদের ফিরিয়ে আনতে বা প্রতিটি ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে এটি ন্যায়বিচারের সূচনা। এই বিচারপ্রক্রিয়ায় অবদানের জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আইসিজের বিচারক এবং জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ সরকার, জনগণ, উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দা এবং আদালতে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গাদেরও ধন্যবাদ জানান।
তিনি বলেন, আদালতের রায় বাস্তবায়নের প্রধান দায়িত্ব মিয়ানমারের। বিচারপ্রক্রিয়ায় নিজেদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের সুযোগ পেয়েছে দেশটি। আদালতের এই রায় বাধ্যতামূলক ও চূড়ান্ত; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তাই রায় মেনে চলা মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়।
গণহত্যা সনদে নিষিদ্ধ অপরাধ সংঘটনের সঙ্গে যাদের সংশ্লিষ্টতার বিষয়ে যুক্তিসংগত সন্দেহ রয়েছে, তাদের তদন্তে মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনীয় ক্ষেত্রে দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিত করা, জাতীয় আইনের ঘাটতি দূর করা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার দাবি
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি করতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত। মিয়ানমারের অভ্যন্তরে কিংবা সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া—উভয় ক্ষেত্রের বাস্তুচ্যুতদের জন্য এ নির্দেশ প্রযোজ্য।
আদালতের নির্দেশনার মধ্যে পরিবারগুলোকে পুনর্মিলিত করা, হারিয়ে যাওয়া বাড়িঘর, জমি ও অন্যান্য সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার বিষয় রয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা, নিখোঁজদের খুঁজে বের করা এবং মৃতদের রোহিঙ্গা ঐতিহ্য অনুযায়ী মর্যাদার সঙ্গে পুনরায় দাফনের ব্যবস্থাও করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বারবার জানিয়েছেন, তারা নিজেদের বাড়িতে ফিরতে চান। তবে প্রত্যাবাসনের আগে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাউকে বিপদের মুখে ঠেলে দিয়ে ফেরত পাঠানো উচিত নয়।
নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রকৃত সুরক্ষা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ-সংক্রান্ত সিদ্ধান্তে রোহিঙ্গাদের মতামতের প্রতিফলন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। নাগরিকত্ব পাওয়ার অধিকার-সংক্রান্ত সুরক্ষাও বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির অংশ বলে আদালত স্বীকৃতি দিয়েছেন বলে উল্লেখ করেন।
ক্ষতিপূরণ ও মানবিক সহায়তার আহ্বান
যেসব বস্তুগত ক্ষতির ক্ষেত্রে সম্পত্তি ফিরিয়ে দিয়ে প্রতিকার সম্ভব নয়, সেসব ক্ষতির জন্য ব্যক্তি ও জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত বলে জানান ড. খলিলুর রহমান। সম্পত্তি ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ এবং ক্ষতিপূরণের প্রস্তাবিত পরিমাণ ও ব্যবস্থা সম্পর্কে মিয়ানমারকে দুই বছরের মধ্যে প্রতিবেদন দিতে হবে।
তিনি বলেন, অর্থ কোনো জীবন বা প্রিয়জনকে ফিরিয়ে দিতে পারে না। তবে যথাযথ ক্ষতিপূরণ বেঁচে ফেরা মানুষের নিরাপত্তা ও আশার অনুভূতি ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে।
রোহিঙ্গা শিশুদের খাদ্য ও শিক্ষা এবং পরিবারগুলোর স্বাস্থ্যসেবা, আশ্রয় ও সুরক্ষা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের ওপর একা এই দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় না। শরণার্থীশিবিরে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়াতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। রায় কার্যকরে চাপ সৃষ্টি ও প্রয়োজনীয় সহায়তা দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি।
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক সদস্যরাষ্ট্র নিজ নিজ মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করে। কোনো রাষ্ট্র তা করতে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বেছে বেছে নয়, ধারাবাহিকভাবে আদালতের রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার আগ্রহও প্রকাশ করেন ড. খলিলুর রহমান।
তিনি বলেন, ১৯৪৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ গণহত্যাকে মানবজাতির বিবেকের জন্য গভীর উদ্বেগের বিষয় হিসেবে ঘোষণা করে। ১৯৪৮ সালে গ্রহণ করা হয় গণহত্যা সনদ। এই সনদ এমন একটি জনগোষ্ঠীর জন্য কার্যকর ভূমিকা রেখেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রের দায়িত্ব।
রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেন, আদালতের রায় প্রমাণ করেছে, তাদের ভুলে যাওয়া হয়নি। তিনি রোহিঙ্গাদের কণ্ঠস্বর নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কথাও তুলে ধরবেন।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, দ্য হেগে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই ন্যায়বিচার শরণার্থীশিবির এবং রাখাইনে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে প্রতিষ্ঠা করতে হবে। ইতিহাস যেন মনে রাখে, ২০২৬ সালের ১৯ নভেম্বর ছিল রোহিঙ্গাদের ঘরে ফেরার পথচলা শুরুর দিন।
তিনি আরও বলেন, অভিন্ন মানবতার কোনো অংশ যেন আর কখনো গণহত্যার শিকার না হয়। ‘আর কখনো নয়’—এর অর্থ অবশ্যই আর কখনো নয়।
বক্তব্যের সময় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
