আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের শেষ কোথায়?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি : সংগৃহীত
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব ঘটনার পর জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক কর্মসূচির নামে চলা এসব সহিংসতার অবসান কোথায়?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব ঘটনার পেছনে দলটির সুনির্দিষ্ট পরিকল্পনা ও কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে। তবে এসব ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের অস্ত্র লুট এবং থানার লকার ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় সংসদ সদস্য জিলানির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
শুধু গোপালগঞ্জ নয়, দেশের বিভিন্ন স্থানেও হামলা ও নাশকতার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনার মধ্যে রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় অগ্নিসংযোগ। বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার অভিযোগও উঠেছে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক কার্যালয় এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া গেছে।
এসব ঘটনা নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির একটি টকশোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শাহান বলেন, ধারাবাহিক নাশকতার মাধ্যমে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির কৌশল নেওয়া হয়ে থাকতে পারে। তাঁর মতে, এর মাধ্যমে সরকারকে কঠোর দমন-পীড়নের দিকে ঠেলে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা থাকতে পারে। এমন পরিস্থিতিতে সরকারকে সতর্কভাবে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি, যাতে কোনো সিদ্ধান্ত সংশ্লিষ্ট পক্ষের কৌশল বাস্তবায়নে সহায়ক না হয়।
অন্যদিকে, একই অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির বক্তব্যে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভূরাজনৈতিক প্রভাবের বিষয়টি উঠে আসে। তাঁর মতে, আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও দেশের অস্থিতিশীলতার পেছনে অভ্যন্তরীণ শক্তির পাশাপাশি ভূরাজনৈতিক প্রভাবও থাকতে পারে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ব্যক্তিদের গ্রেপ্তার করছে। তবে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ কাটছে না। সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে চলমান হামলা ও নাশকতার অভিযোগের অবসান কবে হবে? রাজনৈতিক বিরোধ ও মতপার্থক্য কি সহিংসতার পথেই এগোবে, নাকি পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে?
