গোপালগঞ্জে একসঙ্গে আইজিপি ও দুই বাহিনীর ডিজি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে জেলায় পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তাঁর সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আইজিপি ও দুই বাহিনীর মহাপরিচালক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। এ সময় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগের শিকার থানাগুলোও ঘুরে দেখার কথা রয়েছে তাঁদের। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে, কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার কোথাও নতুন করে সহিংসতার খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাতভর বৃষ্টির পর সকালেও পরিস্থিতি শান্ত ছিল। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। তবে ওষুধ ও খাবারের দোকান ছাড়া জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
