×

আওয়ামী লীগ

বিজেপি নেতার দাবি

‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল (বাংলাদেশের বেনাপোল) স্থলসীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন- এমন দাবি করেছেন বিজেপির পশ্চিমবঙ্গের স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার।

রোববার (২২ নভেম্বর) উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল সীমান্ত এলাকায় ‘হিন্দু সুরক্ষা সমিতি’ আয়োজিত এক প্রতিবাদ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বনগাঁ দক্ষিণ আসনের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ওই সভার আয়োজন করা হয়েছিল।

রোববার (২২ নভেম্বর) আওয়ামী লীগের শীর্ষ চার নেতার সীমান্ত পরিদর্শনের সময় বিজেপি বিধায়কের এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সভা শেষে স্বপন মজুমদার দাবি করেন, আগামী ডিসেম্বরেই শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আপনারা দেখতে থাকুন, এই পেট্রাপোল সীমান্ত দিয়েই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। সেদিন খুব বেশি দূরে নেই।’

সীমান্ত পরিদর্শন ও শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওই বিজেপি বিধায়ক দাবি করেন, বিশ্বশক্তিগুলো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘যদি তা-ই হয়, তবে শেখ হাসিনা এই সীমান্তপথ দিয়েই যাবেন এবং বিপুলসংখ্যক মানুষ তার সঙ্গে যুক্ত হবেন।’ বক্তব্যে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারতীয় হস্তক্ষেপের হুঁশিয়ারি দেন।

একই অনুষ্ঠানে উপস্থিত বনগাঁ উত্তর আসনের আরেক বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়াও শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, শেখ হাসিনার দেশে ফিরে যাওয়া উচিত। বাংলাদেশের জনগণকে রক্ষা করা তার একটি দায়িত্ব। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাব, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে প্রবেশ করবেন, আপনারাও ঐক্যবদ্ধ হয়ে দেশে ফিরুন।’

এদিকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ খতিয়ে দেখতে রোববার আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছে। ওই দলে ছিলেন আওয়ামী লীগের চার নেতা, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং আলাউদ্দিন নাছিম।

তবে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ কিংবা স্থানীয় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এ বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

বিজেপি নেতার দাবি ‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

পুনঃনিরিক্ষনে জিপিএ-৫ পেলেন আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের মারিয়া

পুনঃনিরিক্ষনে জিপিএ-৫ পেলেন আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের মারিয়া

লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে ২০ বাংলাদেশি

লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে ২০ বাংলাদেশি জরুরি হস্তক্ষেপ চেয়ে প্রতিমন্ত্রীর কাছে আবেদন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

নওগাঁ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App