×

ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

ছবি: সংগৃহীত

আর্থিক সংকট, বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও আমানতকারীদের আস্থাহীনতায় বিপর্যস্ত পদ্মা ব্যাংককে বিশেষ ব্যবস্থার (রেজোলিউশন) আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির আর্থিক পরিস্থিতি সামাল দেওয়া, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং সামগ্রিক আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোলিউশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৬-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

এ প্রক্রিয়ার আওতায় ব্যাংকটির আর্থিক সংকট মোকাবিলা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। আর্থিক সংকট ও গ্রাহকদের আস্থাহীনতার মুখে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। পরে ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগের অংশ হিসেবে এর নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।

ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে তার দায়িত্ব পালনকালেও ব্যাংকটির সংকট কাটেনি। ২০২৪ সালের শুরুর দিকে তিনি চেয়ারম্যানের পদ ছাড়েন।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিসহায়তা সত্ত্বেও খেলাপি ঋণের বোঝা ও গ্রাহকদের আস্থাহীনতার কারণে ব্যাংকটির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

বর্তমানে পদ্মা ব্যাংকের মূলধন ঋণাত্মক। ব্যাংকটির মোট ঋণের ৯২ শতাংশই খেলাপি। সুদ আয়ও ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতি সংকটাপন্ন। আর্থিক সক্ষমতার প্রায় সব সূচকেই নাজুক অবস্থায় থাকা ব্যাংকটির স্বল্প সময়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। এমন পরিস্থিতিতে ব্যাংকটিকে রেজোলিউশন প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে সরানো হলো মেজর জেনারেল জাহাংগীর আলমকে

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে সরানো হলো মেজর জেনারেল জাহাংগীর আলমকে

ফের হামলা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে

ফের হামলা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App