বরিশাল নগরে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১
এম. কে. রানা, বরিশাল
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:০৩ পিএম
ফাইল ছবি
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে টানা আট দিনের বিশেষ অভিযানে ২৪১ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একই সঙ্গে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
বিএমপি সূত্রে জানা গেছে, গত ১১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক পৃথক বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, বিভিন্ন মামলার অভিযুক্ত এবং মহানগর অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়।
১১ জুন পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পরোয়ানাভুক্ত ছয়জন, নিয়মিত মামলার পাঁচজন, মহানগর অধ্যাদেশে ১৫ জন এবং অন্যান্য আইনে দুইজনসহ মোট ২৯ জনকে আটক করা হয়। ১২ জুনের অভিযানে ২২ পিস ইয়াবাসহ তিনজন, ১২ জন পরোয়ানাভুক্ত আসামি, চারজন নিয়মিত মামলার আসামি এবং ১৪ জন মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার হন। ওই দিন মোট ৩৩ জনকে আটক করা হয়। ১৩ জুন ১২৯ পিস ইয়াবা ও এক কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলেও সংশ্লিষ্ট আসামিরা পালিয়ে যায়। তবে পরোয়ানাভুক্ত ১১ জন, নিয়মিত মামলার ছয়জন, অন্যান্য আইনে একজন এবং মহানগর অধ্যাদেশে ১৩ জনসহ মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।
১৪ জুন ১২৮ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তিনজন পরোয়ানাভুক্ত আসামি, পাঁচজন নিয়মিত মামলার আসামি এবং ১২ জন মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার হন। ওই দিন মোট গ্রেপ্তার করা হয় ২২ জনকে। ১৫ জুনের অভিযানে ৬২ পিস ইয়াবা, ৩৯ পুরিয়া গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও দুটি সিসি ক্যামেরাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সাতজন পরোয়ানাভুক্ত, চারজন নিয়মিত মামলার আসামি, সাতজন মহানগর অধ্যাদেশে এবং অন্যান্য আইনে দুইজনসহ মোট ২৫ জনকে আটক করা হয়।
১৬ জুন ৭৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে ১০ জন পরোয়ানাভুক্ত আসামি, পাঁচজন নিয়মিত মামলার আসামি, তিনজন অন্যান্য আইনে এবং ১০ জন মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার হন। মোট গ্রেপ্তার করা হয় ৩১ জনকে। ১৭ জুনের অভিযানে ১৪০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১৪ জন পরোয়ানাভুক্ত আসামি, সাতজন নিয়মিত মামলার আসামি এবং ১৮ জন মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার হন। ওই দিন সর্বোচ্চ ৪৫ জনকে আটক করা হয়।
১৮ জুন পরিচালিত অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১১ জন পরোয়ানাভুক্ত আসামি, একজন নিয়মিত মামলার আসামি এবং আটজন মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার হন। মোট ২৫ জনকে আটক করা হয়। বিএমপি সূত্র জানায়, আট দিনের অভিযানে মোট ৭০২ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৫৩৯ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং দুটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
