অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
এম. কে. রানা, বরিশাল
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি : সংগৃহীত
চলতি বছরে দেশের নয়টি শিক্ষা বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সব শিক্ষা বোর্ডে একই পাঠ্যবই অনুসরণ করা হলে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলে কোনো বোর্ডের শিক্ষার্থী বাড়তি সুবিধা পাবে না এবং উত্তরপত্র মূল্যায়নেও স্বচ্ছতা নিশ্চিত হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে পরীক্ষা-সংক্রান্ত আইন আরও কঠোর করা হয়েছে। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধন করে নতুন বিধান যুক্ত করা হয়েছে। বর্তমান আইনে পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি, মাস্তানি কিংবা পরীক্ষা কার্যক্রমে বাধা দেওয়ার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন, যাতে কোনো অনিয়ম বা অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি সব পরীক্ষাকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে মনিটর ও ভিডিও আর্কাইভ সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে। কোনো কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সংরক্ষিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকেই প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে। এছাড়া চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট দূর করতে পর্যাপ্ত সংখ্যক দক্ষ শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।
এ সময় বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনসহ বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
