রাশেদ খাঁন
‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। এর প্রমাণ হিসেবে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাঁদের দেওয়া গাড়ি ও অর্থ ব্যবহারের অভিযোগ তোলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ভয় দেখিয়ে আজকে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। যার একটি প্রমাণ হলো, নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের দেওয়া গাড়ি ও টাকা ব্যবহার করছেন। অথচ এখন তিনি গরম গরম বক্তব্য দিচ্ছেন।’
রাশেদ খাঁনের দাবি, আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির কঠোর বক্তব্যের পেছনেও চাঁদা ও আর্থিক সহযোগিতা আদায়ের বিষয়টি রয়েছে। তাঁর ভাষ্য, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুংকার ছাড়ার একটাই কারণ। আওয়ামী লীগকে তারা বোঝাতে চায়— তোমরা যদি আমাদের নিয়মিত অনুদান ও চাঁদা দেওয়া বন্ধ করে দাও, পেছন থেকে সহযোগিতা না করো, তাহলে কিন্তু খবর আছে।’
নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও কটাক্ষ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ছাত্ররাজনীতির সময় ল্যাপটপ চুরি এবং জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর ছাগল চুরিই পাটওয়ারীর অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতা নিয়েই তিনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথাও বলছেন।
রাশেদ খাঁনের মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।
