এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম
ফাইল ছবি
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ অর্থ বরাদ্দ চেয়ে রোববার (১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ বরাদ্দ চাওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। সারা দেশের শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, তাঁদের কল্যাণ এবং সার্বিক সেবার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ বাড়ানো হচ্ছে। এর ফলে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাগত দক্ষতা বাড়বে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাঁদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজগুলোর জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে অতিরিক্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
আরও পড়ুন: ২০২৭ সালে সরকারি ছুটি কত দিন, মন্ত্রিসভার অনুমোদন
এ অবস্থায় ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অর্থ বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘৩২৬৭ কোটি ৯০ লক্ষ টাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল অন্তর্ভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষকদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, বেসরকারি শিক্ষকদের সকল দাবি পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’
