×

জাতীয়

সংসদীয় কমিটিতে প্রশ্ন

ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ ভাড়া বেশি কেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ ভাড়া বেশি কেন

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজের ভাড়া তুলনামূলক বেশি হওয়ার কারণ জানতে চেয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে টিকিটের ভাড়া নির্ধারণে কোনো নীতিমালা করা যায় কি না, তা খতিয়ে দেখতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) পরামর্শ দিয়েছে কমিটি।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এবং বেবিচকের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনার সময় এ বিষয়টি উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এতে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, কুয়ালালামপুর থেকে ম্যানিলার দূরত্বের সঙ্গে ঢাকা থেকে কুয়ালালামপুরের দূরত্ব প্রায় সমান। অথচ টিকিটের ভাড়ার ক্ষেত্রে দেখা যায়, ঢাকা–কুয়ালালামপুর রুটের ভাড়া কুয়ালালামপুর–ম্যানিলা রুটের তুলনায় কয়েক গুণ বেশি। এ ধরনের তারতম্যের কারণ এবং ভাড়া নির্ধারণে কোনো নীতিমালা রয়েছে কি না, তা জানতে চায় কমিটি।

আরও পড়ুন: গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ

জবাবে জানানো হয়, আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজের ভাড়া নির্ধারণে বেবিচকের কোনো নীতিমালা নেই। এয়ারলাইনসগুলো নিজেরাই ভাড়া নির্ধারণ করে। পরে কমিটির পক্ষ থেকে এ ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা যায় কি না, তা পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিরীক্ষা আপত্তি নিয়েও আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ১৮টি নিরীক্ষা আপত্তির বিপরীতে প্রমাণসহ সময়সীমা নির্ধারণ করে কর্মপরিকল্পনা দেওয়া সম্ভব কি না। এ ছাড়া ত্রুটিযুক্ত উড়োজাহাজ, অচল যন্ত্রপাতি, অপ্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা এবং পুরোনো উড়োজাহাজ ক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়।

ঢাকা–গুয়াংজু–ঢাকা রুটে চার্টার্ড কার্গো ফ্লাইট পরিচালনা ও রাজস্ব আদায়ে ৭৩৬ কোটি টাকার অনিয়ম কীভাবে ঘটেছে, সে বিষয়েও ব্যাখ্যা চায় কমিটি।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্থাপিত নিরীক্ষা আপত্তির বিপরীতে মোট কত টাকা আদায় হয়েছে, কত টাকা অনাদায়ি রয়েছে এবং সংশ্লিষ্ট কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। প্রতিটি নিরীক্ষা আপত্তির বিপরীতে প্রমাণসহ সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা উপস্থাপনের ওপরও গুরুত্বারোপ করা হয়। এসব বিষয়ে বিস্তারিত লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বিমান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি।

প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ বারবার যান্ত্রিক ত্রুটির মুখে পড়ার কারণ সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি ব্যবস্থার দুর্বলতার কারণে সম্ভাব্য রাজস্ব ক্ষতির বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিমানের পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রীর ভ্রমণের জন্য সব সময় বহরের আধুনিক উড়োজাহাজ বরাদ্দ দেওয়া হয়। এ ক্ষেত্রে আগের এক মাসের ফ্লাইটের কার্যক্রম পর্যবেক্ষণ করে উড়োজাহাজে কোনো ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করা হয়। এবার যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

পোশাক শ্রমিকদের আন্দোলনে তিন মামলায় কারাগারে ২৬

পোশাক শ্রমিকদের আন্দোলনে তিন মামলায় কারাগারে ২৬

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানতে পারে আজ রাতেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানতে পারে আজ রাতেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App