মির্জাগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে ঘরের সিল-পাটা দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে মাদকাশক্ত ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তাপস দেবনাথকে (৩৪) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উত্তম দেবনাথ (৬০) পূর্ব সুবিদখালী গ্রামের বাসিন্দা এবং মৃত মহেন্দ্র দেবনাথের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস দেবনাথ ঘরের ভেতরে এবং স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের বারান্দায় ঘুমাচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, শুক্রবার ভোরে তাপস দেবনাথ ঘুম থেকে উঠে ঘরে থাকা শিল-পাটা দিয়ে বাবার মাথার ডান পাশে সজোরে আঘাত করেন। উত্তম দেবনাথের চিৎকার শুনে তার স্ত্রী ঘরে এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি প্রতিবেশীদের ডাকলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে উত্তম দেবনাথকে মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।
স্বজন ও স্থানীয়দের দাবি, তাপস দেবনাথ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন।
খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ছেলে তাপস দেবনাথকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
