বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, আহত একই পরিবারের তিনজন
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত
ভোরের নীরবতা ভেঙে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই আগুনে ঝলসে যান একই পরিবারের তিন সদস্য। প্রাণ বাঁচাতে তারা ছুটে পাশের নদীতে ঝাঁপ দেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ গ্রামে সোমবার সকালে ঘটে এই ঘটনা। আহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।
আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
আরও পড়ুন: সরকারি চাল বরাদ্দে অনিয়ম, এক চালকল দেখিয়ে একাধিক লাইসেন্স
আহতদের স্বজন জামাল জানান, ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। আগুন থেকে বাঁচতে তারা বাড়ির সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে ওই বিস্ফোরকটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
