×

আন্তর্জাতিক

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

ছবি: সংগৃহীত

মার্কিন গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন চীনা নারী গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। বিষয়টি নিয়ে কোম্পানির কর্মীদের কাছে পাঠানো বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি। এদিকে, বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হওয়ার খবর সামনে আসার পর ঘটনাটি তদন্তে স্বাধীন কমিটি গঠন করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

শীর্ষস্থানীয় এআই চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হুয়াং। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমার এই কর্মকাণ্ড তাকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না। আমি গভীরভাবে দুঃখিত।’

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনভিডিয়া জানায়, জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছেন—সাম্প্রতিক এমন খবরের পরিপ্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে।

গত মাসের শেষদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক একটি ডেটা সেন্টারের চীনা কর্মকর্তা অ্যালিস হুয়াং (যিনি হুয়াং লে নামেও পরিচিত) এবং জেনসেন হুয়াংয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল।

অ্যালিস হুয়াংয়ের ওপর নজরদারির বিষয়ে অবগত সূত্র, সরকারি কর্মকর্তা এবং প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা অ্যালিসকে বেইজিংয়ে তথ্য পাচারকারী চীনা গুপ্তচর বলে মনে করেন।

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং নিউইয়র্ক টাইমসকে বলেন, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ‘ভিত্তিহীন কুৎসা ও অপপ্রচার’ চালাচ্ছে।

রোববার এনভিডিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার গোপনীয় তথ্য ফাঁস হয়েছে—এমনটা মনে করার কোনো কারণ না থাকলেও তদন্তে পাওয়া সব তথ্য খতিয়ে দেখা হবে।

পরিচালনা পর্ষদ জানিয়েছে, সিইও হুয়াং তদন্তকে সমর্থন করছেন এবং এতে পূর্ণ সহযোগিতা করতে সম্মত হয়েছেন। তবে তার পদ ঝুঁকিতে থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বরং বোর্ড জানিয়েছে, জেনসেন ও তার নেতৃত্বাধীন দলের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।

এনভিডিয়ার চিপের ব্যাপক চাহিদার কারণে প্রতিষ্ঠানটি বর্তমানে শেয়ারবাজারের অন্যতম শীর্ষ কোম্পানি। এর বাজার মূলধন প্রায় ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

রোববার এনভিডিয়ার মুখপাত্র জন রিজো নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘এই খবর এনভিডিয়ার গতি কমাতে পারবে না। জেনসেন কোনো বিরতি ছাড়াই সিইও হিসেবে এনভিডিয়াকে নেতৃত্ব দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ট্রাম্প এআই প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ায় অন্যান্য প্রযুক্তি খাতের নেতাদের মতো হুয়াংয়ের সঙ্গেও তার ঘনিষ্ঠতা বেড়েছে। গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে এনভিডিয়াপ্রধান ও তার স্ত্রী লরি হুয়াং অংশ নিয়েছিলেন।

সাম্প্রতিক এই খবরের পরিপ্রেক্ষিতে হুয়াংকে মার্কিন সরকারের গোপনীয় ব্রিফিং থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘বিষয়টির সংবেদনশীল প্রকৃতির কারণে আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না।’

মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র হলেও যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের কাছে সম্ভাব্য নিরাপত্তাসংক্রান্ত তথ্য ফাঁসের বিষয়টি ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

গত সেপ্টেম্বরে ট্রাম্প বলেছিলেন, ‘এআইতে আমরাই চীনকে পেছনে ফেলে নেতৃত্ব দিচ্ছি। আমরা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির দেশ। আর সত্যি বলতে, আমি এই অবস্থান ধরে রাখতে চাই। কারণ, এআইয়ের দৌড়ে যে জিতবে, চূড়ান্ত বিচারে বিজয় তারই হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App