×

জাতীয়

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের সভায় আলোচনায় এসেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।’

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এসব আলোচনা হয়। সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা সূত্র জানায়, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আলোচনায় এলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো বক্তব্য দেননি। তিনি দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন।

এদিকে, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করা হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে এ আবেদন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আবেদন করার আইনগত ভিত্তি এবং আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

আরও পড়ুন: শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তিনি বলেন, ‘আমিও শুনেছি, টেলিভিশন স্ক্রলে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আবেদনটির আইনগত ভিত্তি রয়েছে কি না, যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।

ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে, যাতে তাকে আইন অনুযায়ী ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

এবার মিরপুরে বসুমতি বাসে আগুন

এবার মিরপুরে বসুমতি বাসে আগুন

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App