৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
ফাইল ছবি
অনিয়ম, স্বাক্ষর জালিয়াতি, অনুদানের অর্থ আত্মসাৎ ও সরকারি বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব সংস্থার বিরুদ্ধে নিবন্ধন বাতিলের পাশাপাশি সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে ব্যুরোর জারি করা আইনি নির্দেশনা অমান্য করার মতো অপরাধে এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলের অভিযোগ প্রমাণিত হওয়ায় কয়েকটি সংস্থাকে কালো তালিকাভুক্ত করে কার্যক্রম বন্ধ করা হয়েছে।
তিনি জানান, এনজিওবিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধান অনুযায়ী নতুন এনজিওর নিবন্ধন দেওয়া, মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানপুষ্ট প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে।
দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এনজিওবিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করছে। সংস্থাটি দেশে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সমন্বয় করে আসছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নারী নির্যাতন প্রতিরোধে এসব সংস্থার ভূমিকা রয়েছে।
এ ছাড়া সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই রাষ্ট্র গঠনেও এনজিওগুলো অবদান রাখছে বলে জানান তিনি। তবে যেসব সংস্থা বেআইনি কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
