×

ঢাকা

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, মুক্তি মেলেনি ৪০ লাখেও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, মুক্তি মেলেনি ৪০ লাখেও

নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়েছে। ছবি: সংগৃহীত

ইউরোপে যাওয়ার প্রলোভন দেখিয়ে শরীয়তপুরের দুই যুবককে লিবিয়ায় নিয়ে জিম্মি করার অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। সেখানে আটকে রেখে কামাল খলিফা ও আতিক মাঝির ওপর চালানো হচ্ছে শারীরিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে দফায় দফায় দাবি করা হচ্ছে মুক্তিপণ। দুই ছেলেকে জীবিত ফেরত পাওয়ার আশায় জমিজমা ও সহায়-সম্বল বিক্রি করে ইতোমধ্যে প্রায় ৪০ লাখ টাকা দিয়েছেন পরিবারের সদস্যরা। তবু মুক্তি মেলেনি তাদের। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে লিবিয়ায় বন্দি দুই যুবককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নড়িয়া পৌরসভার লোনসিং এলাকার বাসিন্দা আকাশ সরদারের প্রলোভনে পড়ে প্রায় তিন মাস আগে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামাল ও আতিক। পরে তাদের লিবিয়ায় নিয়ে আটকে রাখা হয় এবং মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। এরপর থেকেই তাদের ওপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছে।

পরিবারের কাছে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের মেঝেতে বসিয়ে দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। একপর্যায়ে তারা মাথায় হাত দিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছেন। এমন ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন দুই পরিবারের সদস্যরা।

নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহেরকুশিয়া এলাকার বাসিন্দা কামাল খলিফা। কম্পিউটার কম্পোজের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। পাশাপাশি স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার বছর আগে তার বাবা বাচ্চু খলিফা মারা যান। নানা প্রতিকূলতার মধ্যেও মাকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখতেন কামাল। কিন্তু ছেলের বন্দি ও নির্যাতিত হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছেন মা কামরুন নাহার।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ছেলেকে বাঁচানোর জন্য আমাদের যা ছিল, সব বিক্রি করে দিয়েছি। প্রায় ২০ লাখ টাকা দিয়েছি। তারপরও তারা আমার ছেলেকে ছাড়ছে না। এখন আবার টাকা চাইছে। আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দেন। আমি আর কিছু চাই না।’

অন্যদিকে, ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আতিক মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। বাড়িতে রেখে গেছেন বৃদ্ধ মা আমেনা খাতুন, স্ত্রী আফরোজা আক্তার ও এক বছরের শিশুসন্তান মূসাকে। তার বড় ভাইও বাক্‌প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বন্দি থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

আতিকের মা আমেনা খাতুন বলেন, ‘আমার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে নিয়ে গেছে। এখন শুনি, তাকে আটকে রেখে মারধর করছে। ছেলেকে ফেরত পাওয়ার জন্য অনেক টাকা দিয়েছি। এখন আর টাকা দেওয়ার সামর্থ্য নেই। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।’

আতিকের স্ত্রী আফরোজা আক্তার বলেন, ‘আমার ছোট্ট একটা সন্তান আছে। তার বাবা ছাড়া আমরা কীভাবে বাঁচব? প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করি। নির্যাতনের ভিডিও দেখার পর থেকে আতঙ্কে আছি। আমরা টাকা চাই না, আমার স্বামীকে জীবিত ফেরত চাই।’

দুই বন্ধুর এমন পরিণতিতে উদ্বিগ্ন তাদের স্বজন ও প্রতিবেশীরাও। স্থানীয় বাসিন্দা জিহান রাব্বানী জাকির বলেন, দুই পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার পরও তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। নির্যাতনের ভিডিও দেখে সবাই আতঙ্কিত। দ্রুত দুই যুবককে জীবিত উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, মানবপাচার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বিদেশে কর্মসংস্থান কিংবা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কাউকে নিয়ে গিয়ে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কামাল ও আতিককে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ সরদারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া জামান। তিনি বলেন, মানবপাচার আইনে করা দুটি মামলায় আকাশ সরদারকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। লিবিয়ায় বন্দি দুই যুবককে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মানবপাচারের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

এবার মিরপুরে বসুমতি বাসে আগুন

এবার মিরপুরে বসুমতি বাসে আগুন

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App