‘বিদ্যুৎ-গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
ফাইল ছবি
জ্বালানি সংকট, গ্যাসের নিম্নচাপ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এতে আন্তর্জাতিক ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন, বাড়ছে আর্থিক ক্ষতি। এমন পরিস্থিতিতে পোশাকশিল্পের সংকট মোকাবিলা, শ্রমিকদের কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি রক্ষায় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল।
এ বিষয়ে সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে আলোচনার জন্য নোটিশ দিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।
নোটিশে বলা হয়েছে, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিক সরাসরি এ শিল্পে কর্মরত। এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। ফলে এ খাতের স্থিতিশীলতার সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা গভীরভাবে জড়িত।
তবে বর্তমানে তীব্র জ্বালানি সংকটের কারণে শিল্পটি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাব, গ্যাসের নিম্নচাপ, মধ্যপ্রাচ্যের বৈশ্বিক পরিস্থিতির প্রভাব এবং ডিজেল সরবরাহে সীমাবদ্ধতার কারণে কারখানাগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বিভিন্ন তথ্য অনুযায়ী, জ্বালানি সংকটের কারণে পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। এতে বিদেশি ক্রেতারা তাদের ক্রয়াদেশ বাতিল করছেন। ফলে একদিকে শিল্পমালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে ঝুঁকি তৈরি হচ্ছে।
জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বৈষম্য ও দাবি-দাওয়াকে কেন্দ্র করে শ্রমিকেরা আন্দোলনে নামছেন। অনেক ক্ষেত্রে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা ব্যর্থ হওয়ায় কারখানা বন্ধ করে দিতে হচ্ছে। এ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের আশঙ্কাও রয়েছে।
নোটিশে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, শ্রমিকদের ন্যায্য দাবি ও চলমান অসন্তোষকে পুঁজি করে স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশের অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিক—সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের জন্য পাওয়া তিন বছরের সময়সীমা যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে নোটিশে। এ সময়ে পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির কথা বলা হয়েছে। এ জন্য আগামী তিন বছরের একটি সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।
নোটিশে বলা হয়, পোশাকশিল্পের সংকট কাটিয়ে ওঠা, শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহব্যবস্থা গড়ে তোলা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ জরুরি। এসব বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে অবিলম্বে একটি বিস্তারিত সাধারণ আলোচনার আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হয়েছে।
