সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, তদন্তের কেন্দ্রে ৫ চিরকুট
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
বরিশালের প্যারারা রোডে জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার হাতে লেখা পাঁচটি চিরকুট উদ্ধারের পর ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
পুলিশ জানিয়েছে, চিরকুটগুলোর বিষয়বস্তু যাচাই করা হচ্ছে। একই সঙ্গে পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পুলক চ্যাটার্জি তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জি, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশে আলাদাভাবে পাঁচটি চিরকুট লিখে গেছেন।
প্রশাসনের উদ্দেশে লেখা চিরকুটে নিজের মৃত্যুর ঘটনায় কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেন পুলক। সেখানে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও চিকিৎসা নেওয়ার বিষয়ও উঠে এসেছে। পাশাপাশি তার মরদেহ ঘিরে পরিবারের সদস্যরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও অনুরোধ জানান তিনি।
আরো পড়ুন: মাদকের টাকা না পেয়ে নিজ ঘরেই আগুন, পলাতক দুই ভাই
স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা চিরকুটে পরিবারের প্রতি নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন পুলক। মেয়ের পড়াশোনা ও গান শেখা যেন অব্যাহত থাকে, সে বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে ছোট ভাই দীপককে স্ত্রী ও মেয়ের পাশে থাকার অনুরোধ করেছেন।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশে লেখা চিরকুটে দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক স্মৃতির কথা উল্লেখ করেন পুলক। পাশাপাশি তার পরিবারের পাশে থাকার অনুরোধও করেন।
ছোট ভাই দীপক চ্যাটার্জি ও তার স্ত্রী ইতির উদ্দেশে লেখা চিরকুটে স্ত্রী ও মেয়ের খোঁজখবর রাখার অনুরোধের পাশাপাশি ব্যাংক হিসাব ও মুক্তিযুদ্ধের ভাতা-সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো দেখভালের কথা উল্লেখ করেন।
অন্যদিকে দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীর উদ্দেশে লেখা চিরকুটে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার স্মৃতি তুলে ধরেন পুলক। কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা চাওয়ার পাশাপাশি সমকালের কাছে তার পাওনা অর্থের বিষয়টি দেখার অনুরোধ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, চিরকুটগুলোর বিষয়বস্তু যাচাই করা হচ্ছে। একই সঙ্গে পুরো ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ‘সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
পুলিশ জানায়, ‘শুক্রবার কোনো এক সময় পুলক চ্যাটার্জি সমকাল অফিসে আসেন। সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে বাইরে থেকে তালা খোলা দেখতে পান। তবে দরজা ভেতর থেকে আটকানো ছিল। বিষয়টি তিনি পাশের অফিসের সহকর্মী ও বাড়ির মালিককে জানান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ভেতর থেকে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।’
জানা গেছে, দৈনিক সমকাল প্রকাশের শুরু থেকেই বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন পুলক চ্যাটার্জি। তবে ২০২৩ সালের মে মাসে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় পত্রিকা কর্তৃপক্ষ। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চাকরিতে না থাকলেও সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমন চৌধুরী তাকে সম্মান জানিয়ে অফিসের একটি চাবি দিয়েছিলেন। তাকে জানানো হয়েছিল, আগের মতোই সুযোগমতো অফিসে এসে বসতে পারবেন তিনি। এরপর থেকে মাঝেমধ্যে সমকাল কার্যালয়ে যাতায়াত করতেন পুলক
সুমন চৌধুরী জানান, পুলকের কাছে অফিসের একটি চাবি থাকত এবং তিনি প্রায়ই রাতে সেখানে সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি অফিসে গিয়ে দেখতে পান, কার্যালয়ের দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজার সামান্য ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আরো পড়ুন: পে-স্কেলের গেজেট প্রকাশে দেরি, নেপথ্যে কী?
বিষয়টি দেখার পরই পুলিশকে খবর দেন সুমন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের দরজা খুলে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা চিরকুটগুলো যাচাই করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বর্তমানে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন। এছাড়া বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতির দায়িত্বেও ছিলেন।
