×

বরিশাল

ধর্ষণচেষ্টা মামলার বাদী ও স্বজনদের মারধরের অভিযোগ আসামির বিরুদ্ধে

Icon

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

ধর্ষণচেষ্টা মামলার বাদী ও স্বজনদের মারধরের অভিযোগ আসামির বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ধর্ষণচেষ্টা মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পর মামলার বাদী ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে আসামি ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার মৌডুবি ইউনিয়নের ভূঁইয়াকান্দা গ্রামে বাদীর বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এতে বাদী, তাঁর স্বামী, শাশুড়িসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত বাদীর স্বামী সোহাগ আকনকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর হাওলাদার (২৭) একই গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে। আহত অন্যরা হলেন বাদীর শাশুড়ি নিলুফা বেগম, গ্রাম পুলিশ হৃদয় হাসান, আবু সুফিয়ান ও রুবিনা আক্তার।

ঘটনার একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। এতে জাহাঙ্গীর হাওলাদারসহ কয়েকজনকে বাদী ও তাঁর স্বামীকে মারধর করতে দেখা যায়। লাঠি হাতে দুই নারীও এতে অংশ নেন। তাঁরা জাহাঙ্গীরের স্ত্রী কেয়া মনি (২৫) ও তাঁর ভাইয়ের স্ত্রী নাজমা বিবি (৪০) বলে জানা গেছে। ঘটনাটি ভিডিও করায় গ্রাম পুলিশ হৃদয় হাসানকেও মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বাদীর অভিযোগ, গত ১৯ জুলাই তাঁর স্বামী চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হন। ওই রাতে জাহাঙ্গীর তাঁর স্বামীর অবস্থান জানতে মোবাইল ফোনে যোগাযোগ করেন। পরে রাত ১টার দিকে জাহাঙ্গীর ঘরের জানালা দিয়ে ঢুকে দুই সন্তানসহ ঘুমিয়ে থাকা তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে এবং ঘরে আলো জ্বালানোর পর তিনি অভিযুক্তকে চিনতে পারেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২৩ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাঙ্গাবালী থানায় মামলা করেন ওই গৃহবধূ। একই দিন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। বাদীর দাবি, জাহাঙ্গীর কারাগারে থাকা অবস্থায় তাঁর ভাইয়েরা মামলা তুলে নিতে চাপ দেন এবং তাঁকে আবারও ধর্ষণের হুমকি দেন। এ ঘটনায় ৩১ জুলাই তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

বাদী বলেন, সোমবার দুপুর ৩টার দিকে আদালত থেকে বাড়ি ফেরেন তাঁরা। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর স্বামীকে একা পেয়ে মারধর শুরু করা হয়। চিৎকার শুনে তিনি ও তাঁর শাশুড়ি ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর করা হয়। বাদীর স্বামী সোহাগ আকন বলেন, অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর সোমবারই ছিল মামলার প্রথম হাজিরার দিন। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পরপরই তাঁদের ওপর হামলা করা হয়।

গ্রাম পুলিশ হৃদয় হাসান বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি সোহাগ ও তাঁর স্ত্রীকে মারধর করতে দেখেন। তিনি ঘটনাটি ভিডিও করতে গেলে তাঁকেও লাঠি দিয়ে পেটানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হাওলাদার বলেন, আদালতে বাদীপক্ষের লোকজনের সঙ্গে তাঁদের কোনো মারামারি হয়নি। আদালত প্রাঙ্গণে তিনি বাদীর স্বামী সোহাগের ছবি তুলেছিলেন। এ নিয়ে গ্রাম পুলিশ হৃদয়ের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে বাড়িতে ফিরে মারামারির ঘটনা ঘটে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন ধারায় আগে পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাজেদুল ইসলাম সজল বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত মামলা নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

এমডির নির্দেশ বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App