রাঙ্গাবালীতে প্রভাবশালীদের দখলে সংরক্ষিত বন, অসহায় বন বিভাগ
কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: ভোরের কাগজ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে আবারও সংরক্ষিত বনাঞ্চল দখল, গাছ কাটা ও মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। বন বিভাগের অভিযোগ, খননযন্ত্র (ভেকু) দিয়ে ঝাউগাছ উপড়ে ফেলে মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ এবং আগাম তরমুজ চাষের জমি তৈরির চেষ্টা করছেন তাঁরা। গত বছর একই বনাঞ্চলে প্রায় ২৫ হাজার ঝাউগাছ নষ্ট করার অভিযোগে মামলা হওয়ার পরও নতুন করে এমন কর্মকাণ্ড শুরু হয়েছে বলে দাবি বন বিভাগের। প্রশাসনিক ও আইনি পদক্ষেপের পরও বনাঞ্চল রক্ষা করতে না পেরে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী বিটের চরসাইনবোর্ড এলাকায় রয়েছে ৪১৫ একর সংরক্ষিত বনভূমি। এ ছাড়া ২০২১-২২ অর্থবছরে সরকারি উদ্যোগে ওই এলাকায় ১০ হেক্টর জমিতে ঝাউ বাগান গড়ে তোলা হয়। উপকূলীয় ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো, মাটির ক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এসব বনাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বন বিভাগের অভিযোগ, গত ১৭ অক্টোবর বিকেলে স্থানীয় বাসিন্দা মানিক মোল্লা, আরিফ মীর ও সাব্বির মীর ভেকু দিয়ে ওই বনাঞ্চলের প্রায় ৪০০ থেকে ৫০০টি ঝাউগাছ উপড়ে ফেলেন। পরে মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ করে তরমুজ চাষের জমি তৈরির প্রস্তুতি নেন তাঁরা। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলেও কাজ বন্ধ হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
এর আগে ২০২৫ সালের ১৮ নভেম্বর একই ব্যক্তিদের বিরুদ্ধে ওই বনাঞ্চলে প্রবেশ করে খননযন্ত্র দিয়ে প্রায় ২৫ হাজার ঝাউগাছ নষ্ট এবং মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে রাঙ্গাবালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করা হয়। মামলা দুটি বর্তমানে চলমান এবং সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট বন কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে বনাঞ্চলের জমি নিয়ে উপজেলা ভূমি অফিসের বন্দোবস্তের কাগজ ঘিরেও তৈরি হয়েছে জটিলতা। বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বরে রাঙ্গাবালী উপজেলা ভূমি কার্যালয়ের তহশিলদার মো. জাহিদুল ইসলাম ওই জমিকে খাসজমি উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি করেন। পরে রাঙ্গাবালীর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকালে জমিটি খাস দেখিয়ে অভিযুক্তদের নামে বন্দোবস্ত দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তহশিলদারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করে বন বিভাগ।
তবে বন বিভাগের দাবি, বন্দোবস্ত দেওয়া জমিটি মূলত সংরক্ষিত বনাঞ্চলের অংশ। বন্দোবস্ত বাতিলের অনুরোধ জানিয়ে গত ৩ আগস্ট ও ১৫ অক্টোবর পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে লিখিত চিঠি পাঠিয়েছেন উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহিদুর রহমান।
তিনি বলেন, উপজেলা প্রশাসন যে জমি বন্দোবস্ত দিয়েছে, সেটি মূলত সংরক্ষিত বনাঞ্চল। বন্দোবস্ত বাতিলের জন্য জেলা প্রশাসনকে দুবার চিঠি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে, তা তাঁর জানা নেই।
অন্যদিকে উপজেলা ভূমি অফিসের একটি অনুমতিপত্রে চর ইমারশন মৌজায় ২৫ একর সরকারি খাসজমিতে শর্তসাপেক্ষে এক মৌসুমের জন্য চাষাবাদের অনুমতি দেওয়ার কথা উল্লেখ রয়েছে। সেখানে জমির মালিকানা সরকারের থাকবে, জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না এবং চাষাবাদ শেষে জমি সংশ্লিষ্ট ভূমি অফিসের কাছে বুঝিয়ে দেওয়ার শর্ত রয়েছে। তবে এই ২৫ একর জমির সঙ্গে বন বিভাগের বনায়ন প্রকল্পের ১০ হেক্টর জমি কিংবা সংরক্ষিত বনাঞ্চলের সীমানার মিল রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে কাউখালী ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল আহম্মেদ খান বলেন, কাউখালী এলাকায় বন বিভাগের ১০ হেক্টর ঝাউ বাগান রয়েছে। সেখানে প্রভাবশালী মানিক মোল্লার বিরুদ্ধে বনভূমি দখল করে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কাটা ও চাষাবাদের অভিযোগ রয়েছে। এ ঘটনায় বন বিভাগ মামলা করেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। তবে জনবল সংকটের কারণে পুরো এলাকা নিয়মিত দেখভাল করা সম্ভব হচ্ছে না। উপজেলা প্রশাসনও ঘটনাস্থলে অভিযান চালিয়ে জরিমানা করেছে।
অভিযোগের বিষয়ে মানিক মোল্লা বলেন, আমরা সরকারি নিয়ম মেনেই জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের অনুমতি নিয়ে ৮০ জন কৃষক জমিটি লিজ নিয়েছি। বন বিভাগ আমাদের বিরুদ্ধে কেন মামলা করেছে, তা জানি না। তবে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাষিদের চাষাবাদের অনুমতি দিয়েছেন।
এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে দুটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। ২৫ একর জমিতে চাষাবাদের অনুমতির বিষয়ে প্রশাসনের নিজস্ব কোনো অভিমত নেই। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সেখানে চাষাবাদ কার্যক্রম চলছে বলে তাঁরা অবগত হয়েছেন। এ বিষয়ে পাঁচ পৃষ্ঠার একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল সরকারি বনভূমি দখল করে বিক্রির চেষ্টা করছে। এতে অবৈধ আর্থিক লেনদেনের আশঙ্কাও রয়েছে। বনভূমি দখল ও গাছ কাটার কারণে স্থানীয়দের গরু-মহিষ পালন এবং চারণভূমি ব্যবহারে সমস্যা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, বন বিভাগের মামলা, আদালতের হস্তক্ষেপ এবং প্রশাসনিক পদক্ষেপের পরও যদি সংরক্ষিত বনাঞ্চল দখল ও গাছ কাটার অভিযোগ অব্যাহত থাকে, তাহলে উপকূলীয় পরিবেশ ও প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা হুমকির মুখে পড়বে। তাই সরকারি খাসজমি ও সংরক্ষিত বনাঞ্চলের সীমানা জরিপ করে বিরোধ নিষ্পত্তি, বন্দোবস্তের বৈধতা তদন্ত এবং বনভূমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
