×

বরিশাল

ঘূর্ণিঝড়ের প্রভাব

টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা, বিপাকে ক্রেতারা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা, বিপাকে ক্রেতারা

ছবি: ভোরের কাগজ

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট লঘুচাপ ও টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়া এবং সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে বেড়েছে সবজির দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এর মধ্যে টানা বৃষ্টিতে রবি শস্যের আবাদ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সবজির সরবরাহ আরও কমে গিয়ে দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ঝালকাঠির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকা দরে। এ ছাড়া আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

সবজি বিক্রেতা মো. কামরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব ও টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গা থেকে আগের মতো সবজি আসছে না। ফলে পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। পরিবহন খরচসহ অন্যান্য ব্যয়ও রয়েছে। তাই বেশি দামে কিনে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাজারে সবজির সরবরাহ আরও কমতে পারে।

আরেক বিক্রেতা জামাল হাওলাদার বলেন, কয়েক দিন ধরে সবজির বাজারে দামের ওঠানামা চলছে। আগে যেসব সবজি কম দামে পাওয়া যেত, এখন সেগুলো বেশি দামে কিনতে হচ্ছে। ক্রেতারা বাজারে এসে দাম শুনে অনেক সময় পরিমাণ কমিয়ে নিচ্ছেন। এতে বিক্রিও কম হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে এবং পাইকারি বাজারে দাম কমলে খুচরা বাজারেও দাম কমে আসবে।

ক্রেতা আব্দুল হক হাওলাদার বলেন, প্রতিদিনই কোনো না কোনো সবজির দাম বেশি থাকছে। আগে যে টাকায় পরিবারের জন্য কয়েক ধরনের সবজি কেনা যেত, এখন সেই টাকায় প্রয়োজনীয় সবজিও কেনা কঠিন হয়ে পড়েছে। আয় তো আর বাড়েনি, কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাজারে সবজির দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন।

ক্রেতা মোস্তফা বলেন, বাজারে সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন বাজার করতে এসে বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ক্ষতি হলে তার প্রভাব বাজারে পড়ছে, কিন্তু সেই চাপ বহন করতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। 

সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের প্রভাব ও টানা বৃষ্টিতে একদিকে কৃষি উৎপাদন নিয়ে শঙ্কা, অন্যদিকে সবজির বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ মানুষ। বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখা, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা এবং বাজারদর নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা, বিপাকে ক্রেতারা

ঘূর্ণিঝড়ের প্রভাব টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা, বিপাকে ক্রেতারা

রাঙ্গাবালীতে প্রভাবশালীদের দখলে সংরক্ষিত বন, অসহায় বন বিভাগ

রাঙ্গাবালীতে প্রভাবশালীদের দখলে সংরক্ষিত বন, অসহায় বন বিভাগ

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা

স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ

স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App