রাশেদ খাঁন
বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আ. লীগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
বিরোধী দলের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের বেশে লংমার্চে প্রবেশ করে পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি বলেন, গত ১৬ বছরে প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন খাত আওয়ামীকরণ করা হয়েছে। তাঁর ভাষ্য, এই পরিস্থিতি থেকে দেশকে বের করে রাষ্ট্র পুনর্গঠনে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে।
তবে রাষ্ট্র পুনর্গঠনে বিরোধী দলের যথেষ্ট মনোযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। বরং বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করতে পারে বলেও দাবি করেন রাশেদ খাঁন।
তিনি আরও বলেন, ‘তথ্য পাওয়া যাচ্ছে’ যে বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগ পরিকল্পনা করছে। তাঁর দাবি, নিজস্ব ব্যানারে কর্মসূচি পালনের সক্ষমতা না থাকায় সাধারণ মানুষের বেশে লংমার্চে ঢুকে নাশকতা চালানোর চেষ্টা করা হতে পারে।
লংমার্চের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। এত দীর্ঘ পথজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেও পুরো কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
রাশেদ খাঁনের আশঙ্কা, আওয়ামী লীগের কোনো পক্ষ নাশকতা চালালে এর দায় বর্তমান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন সরকারের ওপর চাপানোর চেষ্টা হতে পারে। এ প্রসঙ্গে তিনি অতীতের একটি হত্যাকাণ্ডের উদাহরণও টানেন।
সবশেষে পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে বিরোধী দলকে কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, কর্মসূচির কারণে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর প্রভাব পুরো দেশের ওপর পড়তে পারে।
উল্লেখ্য, ১১ দলীয় জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করার কথা রয়েছে। এর আগে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখেও জোটটি লংমার্চ কর্মসূচি পালন করে।
