আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশে চলমান সংকট মোকাবিলা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী কী ভাবছেন, তা তাঁর কাছ থেকে শুনতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে একটি সংকটকাল চলছে। এ পরিস্থিতিতে সরকারপ্রধান যখন রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানান, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তবে তারা জানতে চান, প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও চলমান পরিস্থিতি মোকাবিলা করতে চান।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এ ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেসবের জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপের মধ্য দিয়ে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবও দেওয়া হবে।
তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোতে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।
নাহিদ ইসলাম আরও বলেন, প্রথমেই একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। তাঁর মতে, এ পদক্ষেপের মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় আগ্রহী।
তিনি বলেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে ডিসেম্বরে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে, সেই প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
