আজও ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
ছবি : সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৩ নভেম্বর) নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি নূরপুর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
এলাকাগুলোর মধ্যে রয়েছে—বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানামা মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নূরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নার্সারি মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামাল কাছনা, চিড়ার মিল, ভ্যাট অফিস, জিএল রায় রোড এবং আড়ং শোরুম-সংলগ্ন এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
