পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম
ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসের রাজনীতি আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূলকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
অবাঙালিদের অন্যতম প্রধান উৎসব ছটপূজা উপলক্ষে হাওড়ার কাজীপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। এ বছর রাজ্যে বড় পরিসরে ছটপূজা উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ৩৪ বছর রাজ্য শাসন করা কমিউনিস্টরা বই বিক্রিতে দক্ষ হলেও তিলক পরার প্রসঙ্গ এলে তারা পিছিয়ে যায়। তাঁর অভিযোগ, অতীতে রামনবমীর মিছিলসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় আয়োজনে তৃণমূল সরকার বাধা দিত। তবে বর্তমানে এ ধরনের আয়োজনে কোনো বাধা নেই বলেও দাবি করেন তিনি।
নন্দীগ্রামের উপনির্বাচনে নিজের বড় ব্যবধানে জয় এবং প্রায় ৭০ শতাংশ মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে জয়ের উদাহরণ টেনে শুভেন্দু অধিকারী দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এখন সরকারের পাশে রয়েছেন।
তৃণমূলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য নষ্ট করার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ওই সরকার বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে দূরে সরিয়ে রাখলেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিশেষ সুবিধা দিয়েছে।
বিজেপিকে ‘অবাঙালিদের দল’ হিসেবে প্রচারেরও সমালোচনা করেন তিনি। পাল্টা অভিযোগ করে শুভেন্দু বলেন, গত ১৫ বছরে তৃণমূল সরকার ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি অবৈধভাবে দেশের বাইরে পাচার করেছে।
জঙ্গলমহলের উন্নয়নে ১ হাজার ২০০ কোটি রুপির প্রতিশ্রুতি
হাওড়ার অনুষ্ঠান শেষে বাঁকুড়ার রায়পুরে আরেকটি জনসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর অভিযোগ, বামফ্রন্ট ও তৃণমূল—উভয় সরকারের আমলেই আদিবাসী-অধ্যুষিত এই অঞ্চল অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে।
গত অর্থবছরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি ব্যয়ের সমালোচনা করে তিনি জানান, চলতি অর্থবছরের অবশিষ্ট আট মাসে জঙ্গলমহলের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নে এ পর্ষদের মাধ্যমে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে।
এ ছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে গঠিত উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি রুপি করা হয়েছে বলে জানান তিনি। আগামী ডিসেম্বরের মধ্যে সব উন্নয়ন বোর্ড গঠনের কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
