নিরাপত্তার চাদরে পুরো দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ এএম
ছবি : সংগৃহীত
দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), বিমানবন্দর ও ভিভিআইপি এলাকাগুলোতে কয়েক গুণ বাড়ানো হয়েছে নিরাপত্তা।
সরকারের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, নাশকতা, অগ্নিসন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা কঠোরভাবে দমনের বার্তা দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সীমান্ত এলাকার পাশাপাশি রাষ্ট্রের ‘ক’, ‘খ’ ও ‘গ’ শ্রেণির মোট ৫৮৭টি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসব স্থাপনার মধ্যে রয়েছে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন, বাংলাদেশ ব্যাংক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
ভারতের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র বেনাপোল, হিলি, আখাউড়া, বুড়িমারী ও তামাবিল স্থলবন্দরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সীমান্তবর্তী জেলাগুলোতে জাতীয় বিদ্যুৎ গ্রিডের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এর মধ্যে রয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির কাজে ব্যবহৃত কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমিল্লার উচ্চক্ষমতাসম্পন্ন গ্রিড সাবস্টেশন।
এ ছাড়া সিলেটের হরিপুর ও কৈলাসটিলা গ্যাসক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্র এবং চুয়াডাঙ্গার দর্শনা, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও ফেনীর বিলোনিয়া সীমান্তের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন এবং সীমান্তবর্তী টেলিযোগাযোগ টাওয়ারগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর তিন লক্ষাধিক নিয়মিত সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের বৈঠকে জরুরি আলোচনা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে দেশের সব জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং বিজিবির সীমান্ত কমান্ডারদের কাছে বিশেষ সতর্কবার্তাসংবলিত চিঠি পাঠানো হয়েছে। এর ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর পুলিশ সদরদপ্তর থেকে দেশের ৬৪ জেলার এসপি এবং সীমান্তবর্তী জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সরকারি ও গোয়েন্দা সূত্রের তথ্যমতে, দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তের ওপারে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ জড়ো হচ্ছেন এবং দেশে অরাজকতা সৃষ্টির ইন্ধন দিচ্ছেন বলে বিভিন্ন মহলে তথ্য ও আশঙ্কা রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত কমান্ডারদের পাঠানো নির্দেশনায় টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।
সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়িয়েছে বিজিবি
সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের বিষয়ে বিজিবি সদরদপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা, নদীপথ ও সুন্দরবনের মতো সংবেদনশীল সীমান্ত পয়েন্টে দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির জন্য রাডার সিস্টেম, থার্মাল ইমেজিং ক্যামেরা, নাইট-ভিশন ডিভাইস, ড্রোন ও উচ্চগতির নৌযান ব্যবহার করা হচ্ছে।
মাহবুব মুর্শেদ রহমান আরও বলেন, সীমান্তে নাশকতা, অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র বা বিস্ফোরক প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, সংযম ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখা হচ্ছে।
অন্যদিকে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও মাঠে রয়েছে বিজিবি। বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও শিল্পাঞ্চল এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ নির্দেশনা
চলমান সহিংসতা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে গত ১০ নভেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দেশের সব জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের সঙ্গে উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সীমান্ত দিয়ে কারা যাতায়াত করছে, সে বিষয়ে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কিংবা বিস্ফোরক এনে কেউ যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, চলমান নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো, গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি স্থাপন, বিস্ফোরক ও নাশকতার ঝুঁকি নিরূপণ এবং যৌথভাবে কাজ করা হচ্ছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রতিদিনই আইনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদরদপ্তরের পরিসংখ্যান ও মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে। গত সাত দিনে দেশের অন্তত ৮০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ২৮টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে এক বাসচালকের মৃত্যুও হয়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।
এ ছাড়া রাজধানীর পল্লবী, রূপনগর ও আদাবর থানা এলাকা এবং সিএমএম আদালত প্রাঙ্গণসহ গোপালগঞ্জ ও দেশের বিভিন্ন জেলায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরাসরি হামলার ঘটনায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও সতর্কতা বাড়ানো হয়েছে।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, চলমান অস্থিরতার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের নাশকতা বা হামলা চালাতে পারে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর, ভিভিআইপি এলাকা, বিদ্যুৎকেন্দ্র, তেল ও গ্যাস স্থাপনা এবং সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ আশঙ্কায় কেপিআইভুক্ত এলাকাগুলোতে নিরাপত্তাবলয় আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দর ও ভিভিআইপি সড়কে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরপরই দেশের সব ডিসি, এসপি ও বিজিবির সীমান্ত কমান্ডারদের কাছে জরুরি নির্দেশনাসংবলিত চিঠি পাঠানো হয়। এতে নাশকতাকারী ও অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বিশেষ টহল ও তল্লাশিচৌকি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সীমান্তের ওপার থেকে ইন্ধনের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
গত ১০ ও ১১ নভেম্বর জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র ও ইন্ধনের বিষয়টি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে চক্রান্ত চলছে। দেশের ভেতরে পালিয়ে থাকা তাদের সহযোগীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন ও উসকানি দেওয়া হচ্ছে।
তবে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা চোরাগোপ্তা হামলার ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়। নাশকতাকারীদের হাতেনাতে ধরা হচ্ছে এবং যেকোনো মূল্যে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের শান্তি বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
সমন্বিত কৌশলের পরামর্শ বিশ্লেষকদের
সাম্প্রতিক চোরাগোপ্তা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং সীমান্তকেন্দ্রিক তৎপরতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা চক্র প্রকাশ্যে মাঠে নামতে না পারলে জনমনে আতঙ্ক ছড়ানো এবং সরকারের ওপর চাপ তৈরির উদ্দেশ্যে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ‘হিট অ্যান্ড রান’ কৌশল বেছে নিতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, এ সংকট মোকাবিলায় কেবল তাৎক্ষণিক গ্রেপ্তার যথেষ্ট নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত কৌশল। একই সঙ্গে সব গণতান্ত্রিক শক্তির মধ্যে রাজনৈতিক ঐক্য জরুরি। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বাড়ানো এবং দল-মত নির্বিশেষে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ড. তৌহিদুল হক আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই অর্থ, অস্ত্র ও বিস্ফোরকের জোগান দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় এবং তথ্য আদান-প্রদান বাড়াতে হবে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের পাশাপাশি আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে নাশকতার পরিকল্পনা শুরুতেই প্রতিহত করতে হবে।
