×

ব্যবসা-বাণিজ্য

সিলেট চেম্বার নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ নভেম্বর

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

সিলেট চেম্বার নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ নভেম্বর

ফাইল ছবি

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে সিলেট চেম্বার অব কমার্সের হলরুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। পরে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার সাংবাদিকদের সামনে নির্বাচনের বিস্তারিত তফসিল তুলে ধরেন।

গত বছরের ১ নভেম্বর সিলেট চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণের ঠিক আগ মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন স্থগিত করে। পরে উচ্চ আদালত স্থগিতাদেশ তুলে নিলেও শেষ পর্যন্ত আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ অপেক্ষার পর এবার নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ অনুযায়ী দুই বছর মেয়াদি পরিচালনা পরিষদের নির্বাচনে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং ২৪ জন পরিচালক নির্বাচিত হবেন। সব মিলিয়ে ২৭ সদস্যের পরিচালনা পরিষদ গঠিত হবে।

নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার। বোর্ডের অপর দুই সদস্য হলেন সহকারী কমিশনার তানভীর আহমেদ সজীব ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম।

অন্যদিকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ মাসুদ রানা। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ পারভেজ ও মাসুমা ইসলাম লোনা।

তফসিল অনুযায়ী যেসব তারিখ

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা। এসব আপত্তি নিষ্পত্তি করা হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ সেপ্টেম্বর।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩ অক্টোবর বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

কোনো মনোনয়নপত্র বাতিল হলে সংশ্লিষ্ট প্রার্থী আপিল বোর্ডে আপত্তি জানাতে পারবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে। বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের নোটিশ দেওয়া হবে ১২ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ অক্টোবর দুপুর ১২টা। একই দিন প্রত্যাহার শেষে বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এরপর ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফলের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি দাখিলের সুযোগ থাকবে। এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে নির্বাচন বোর্ড ১০ নভেম্বর বিকেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

৬ সেপ্টেম্বরের মধ্যে সদস্যপদ নবায়নের সুযোগ

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আয়েশা আক্তার জানান, বিধিমালা অনুযায়ী নির্বাচনের সম্ভাব্য তারিখের ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। পাশাপাশি ভোটের ৬০ দিন আগে পর্যন্ত বকেয়া পরিশোধ করে সদস্যপদ নবায়ন করলে সংশ্লিষ্ট সদস্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

তিনি জানান, ৫ নভেম্বর ভোটের তারিখ ধরে আগামী ৬ সেপ্টেম্বরকে সদস্যপদ নবায়নের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করে সদস্যপদ নবায়ন না করলে সংশ্লিষ্ট সদস্য এবারের নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সিলেট চেম্বারের নির্বাচন নিয়ে ব্যবসায়ী মহলে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী ৫ নভেম্বর নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের মাধ্যমে চেম্বারের নেতৃত্বে পরিবর্তন আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিএস প্রশ্নফাঁস: পিএসসি কর্মকর্তার জামিন নামঞ্জুর, কারাগারে

বিসিএস প্রশ্নফাঁস: পিএসসি কর্মকর্তার জামিন নামঞ্জুর, কারাগারে

এয়ারটেল আসছে নতুন নামে, বন্ধ হচ্ছে কি আগের সিম?

এয়ারটেল আসছে নতুন নামে, বন্ধ হচ্ছে কি আগের সিম?

নানা সমস্যায় বাগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান

নানা সমস্যায় বাগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান

জামায়াতের দেশব্যাপী চার দফা লংমার্চ আসছে

জামায়াতের দেশব্যাপী চার দফা লংমার্চ আসছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App