ঢাবি হলে ফের ‘সমকামিতার’ অভিযোগ, দুই শিক্ষার্থী বহিষ্কার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে তাঁদের হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান আজ বুধবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করেছি।’
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ গত মঙ্গলবার রাতে এ বিষয়ে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা)’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে হল ছাড়তে বলা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০
অভিযোগ ওঠা এক শিক্ষার্থী বলেন, বিষয়টি নিয়ে তিনি বর্তমানে ‘ট্রমার’ মধ্যে আছেন। এ বিষয়ে তিনি আর কথা বলতে চান না।
অন্য শিক্ষার্থীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়টি জানার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।
ঘটনার তদন্তে হলের হাউস টিউটর ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
এর আগে গত ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে একই ধরনের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাঁকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে জানা যায়।
এ ছাড়া সম্প্রতি শহীদুল্লাহ হলে হল সংসদের সহসাধারণ সম্পাদকের (এজিএস) কক্ষে থাকা দুই অতিথির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছিল।
