৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৮টি বিভাগের প্রথম বর্ষের ৮৯ শিক্ষার্থীর বিভাগ উন্নয়ন ফি পরিশোধে ২ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা সহায়তা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার।
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের আবেদনের পর যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে সহায়তার জন্য তাদের নির্বাচন করা হয়। শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় কারও পুরো ফি, আবার কারও আংশিক ফি পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, রাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভাগ উন্নয়ন ফি পরিশোধে সহায়তার জন্য রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের কাছে আবেদন করেন। পরে একসঙ্গে বেশি সংখ্যক শিক্ষার্থীকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ৯ আগস্ট গুগল ফর্মের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়।
আবেদনের সময় শিক্ষার্থীদের বিভাগ উন্নয়ন ফির মোট পরিমাণ এবং নিজেদের পক্ষ থেকে কত টাকা সংগ্রহ করতে পেরেছেন, তা জানাতে বলা হয়। পরবর্তীতে আবেদনকারীদের আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়।
সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ফেসবুকে দেওয়া পোস্ট দেখে তিনি সহায়তার জন্য আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র ও বিভাগ উন্নয়ন ফির নোটিশ নিয়ে সাক্ষাৎকারে অংশ নেন। পরে তাকে বিভাগ উন্নয়ন ফি পরিশোধের জন্য অর্থ দেওয়া হয়।
তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ খুবই উপকারী। ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, তার বাবা দিনমজুর। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একসঙ্গে ৫ হাজার টাকা বিভাগ উন্নয়ন ফি দেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, কয়েকজন শিক্ষার্থী মিলে বিভাগের চেয়ারম্যানের কাছে ফি পরিশোধের সময় বাড়ানোর অনুরোধ করেন। একই সময়ে বিষয়টি রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারকে জানানো হয়। পরে যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের পর তার বিভাগ উন্নয়ন ফি পরিশোধের ব্যবস্থা করা হয়।
ওই শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর আর্থিক অবস্থা এক নয়। তাই অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয়।
এ বিষয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে বিভাগ উন্নয়ন ফি পরিশোধে সহায়তার আবেদন করছিলেন। একেকজনের জন্য আলাদাভাবে আবেদন না নিয়ে সম্মিলিতভাবে সহায়তার উদ্যোগ নেওয়ার চিন্তা থেকেই ৯ আগস্ট গুগল ফর্মের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়।
তিনি বলেন, ওই আবেদনের পর রাবির ৪৮টি বিভাগের ৮৯ জন শিক্ষার্থী সহায়তার জন্য আবেদন করেন। প্রত্যেক আবেদনকারীকে যাচাই-বাছাই করে নির্বাচন করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি, জেলা সমিতি ও ব্যাচের শ্রেণি প্রতিনিধির (সিআর) কাছ থেকেও তথ্য নেওয়া হয়েছে। সবশেষে শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
সহায়তার অর্থের বিষয়ে রাকসু জিএস বলেন, পুরো কার্যক্রমে মোট ২ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা ব্যয় হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী কাউকে পুরো ফি, কাউকে অর্ধেক এবং কাউকে এক থেকে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ৮৯ জন শিক্ষার্থী বিভাগ উন্নয়ন ফি পরিশোধ করে এখন স্বস্তিতে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন—এটাই এ উদ্যোগের সবচেয়ে বড় সার্থকতা।
সালাহউদ্দিন আম্মার জানান, এ কার্যক্রমে নভোকালচারের চেয়ারম্যান রফিক হান্নান ১ লাখ ৮০ হাজার টাকা সহায়তা করেছেন। বাকি অর্থ নাম প্রকাশে অনিচ্ছুক এক বড় ভাই অনুদান হিসেবে দিয়েছেন।
