আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁকে কেন কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে।
গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের সই করা ওই নোটিশ জারি করা হয়। এতে সিফাতকে তিন কর্মদিবসের মধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে যথাযথ কারণ জানাতে বলা হয়েছে।
নোটিশ অনুযায়ী, মো. আব্দুল্লাহ সিফাত (আইডি নম্বর-৪১০২১০৪৬) আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১-২০২২) শিক্ষার্থী।
কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার বিষয় উল্লেখ করে ফেসবুকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন সিফাত। তাঁর ওই বক্তব্য ফেসবুক পেজে ভাইরাল হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান। ‘শিক্ষা-শৃঙ্খলা-নৈতিকতা’ মূলমন্ত্রের আলোকে শিক্ষার্থীদের দেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে কলেজের নীতিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
কলেজ কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে, একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড অশোভনীয়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এতে কলেজের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা বিব্রত হয়েছেন।
নোটিশে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯-এর অনুচ্ছেদ ৯.৮-এর ক্রমিক ৮-এর কথা উল্লেখ করা হয়েছে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করলে অপরাধের গুরুত্ব বিবেচনায় কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে বলে জানানো হয়।
এ অবস্থায় সিফাতের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কেন তাঁকে কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, তার যথাযথ কারণ তিন কর্মদিবসের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
নোটিশের অনুলিপি অবগতির জন্য সেনাসদর, জিএস শাখার শিক্ষা পরিদপ্তর, সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার শিক্ষা শাখা এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে পাঠানো হয়েছে।
