×

ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ফাইল ছবি

র‌্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে ১০ জনকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজনের অভিভাবকের কাছ থেকে মুচলেকা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এর আগে গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

২৮ অক্টোবর ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব অধ্যাপক মো. সালাউদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ছয় শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় তিনজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ফারদিন আহমেদ দিপন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শেখ আমির মাহদ্বীন ও শেখ মুরসালিন রহমান। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কার ও জরিমানা

চলতি বছরের ৬ মে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২৬ ব্যাচের ১২ শিক্ষার্থীকে একই ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে আটজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রণয় কুমার ঘোষকে পরবর্তী দুই টার্মের জন্য বহিষ্কারের পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জুবায়ের হোসেনকে এক টার্মের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অসীম দাস, তৌফিক মাহিনুল আহছান ও আব্দুল্লাহ আল সিফাতকে ১৫ হাজার টাকা করে এবং স্বপন কুমার দাশ, দেবাশীষ মণ্ডল ও সজল পালকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় একজন বহিষ্কার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ মে আইন ডিসিপ্লিনের ২৪ ব্যাচের শিক্ষার্থী আমানউল্লাহ আমানকে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২৫ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় বিশ্বজিৎ চক্রবর্তীকে পরবর্তী দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সুদীপ কুমার নন্দী, মাহমুদুর রহমান, হেমেন্দ্র মৃধা, আসিফ আদনান, আজিজিল ইসলাম কাফফি, শেখ তাজবীদ ইসলাম, রাকিব হোসেন ও প্রণয় কুমার ঘোষকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এর ফলে প্রণয় কুমার ঘোষ দুটি পৃথক ঘটনায় শাস্তির মুখে পড়েছেন।

জোর করে আবাসিক বাসায় ডাকার অভিযোগ

গত ১৪ আগস্ট রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত হল রোডসংলগ্ন নয়ন সড়কের একটি আবাসিক বাসায় ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জোরপূর্বক উপস্থিত হতে বলার অভিযোগ ওঠে একই ডিসিপ্লিনের ২৫ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

এ ঘটনায় মুশফিকুল হক মাহিদকে দুই টার্মের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মারুফ সরোয়ারকে এক টার্মের জন্য বহিষ্কারের পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া মিশন রহমান ও খায়রুল ইসলামকে এক টার্মের জন্য বহিষ্কার এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাইদিস সালেহীন স্বপ্নীল, ঋত্বিক কর্মকার, সৌরভ চন্দ্র বর্মন ও রাগিব শাহরিয়ারকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গাঁজাসহ আটক তিন শিক্ষার্থীও শাস্তির আওতায়

গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালকদের নিয়মিত টহলের সময় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ৪ নম্বর একাডেমিক ভবনের দ্বিতীয় তলা থেকে গাঁজাসহ তিন শিক্ষার্থীকে আটক করা হয়। তাঁরা গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী।

এ ঘটনায় এস এম তৌফিক আলমকে পরবর্তী দুই টার্মের জন্য বহিষ্কার ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুশফিক উল ইসলামকে এক টার্মের জন্য বহিষ্কার এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কাজী রিয়াজুস ছলেহীনকে এক টার্মের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এসব সিদ্ধান্তের মাধ্যমে র‌্যাগিং, সহপাঠীদের হয়রানি, মারধর ও মাদকসংক্রান্ত ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান মহড়া শুরু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান মহড়া শুরু

বাঙালির প্রিয় শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

বাঙালির প্রিয় শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা

অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App